সুয়ারেজের দন্ড বাড়াবাড়িঃ কিয়েলিনি

সুয়ারেজের কামড়-কাণ্ড বোধ হয় ধীরে ধীরে ‘সুয়ারেজ ট্র্যাজিডি’র দিকেই মোড় নিচ্ছে। ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে সুয়ারেজের। কেবল বিশ্বকাপই নয়, নিষেধাজ্ঞা তাঁর পিছু নেবে আরও চার মাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যাঁর কাঁধে কামড় বসানো নিয়ে সুয়ারেজ শাস্তি পেলেন, সেই কিয়েলিনিই বলছেন, লঘু পাপে গুরু দণ্ড হয়ে গেছে এই উরুগুইয়ান তারকার।
জোড়া গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া সুয়ারেজ প্রথমে হয়েছিলেন নায়ক। কামড়-কাণ্ডের পর এক ম্যাচ পরে সেই সুয়ারেজই হয়ে গেছেন খলনায়ক। খ্যাপাটে ওই কামড়ে লাল কার্ড দেখাই বোধ হয় ভালো ছিল সুয়ারেজের। তাহলে হয়তো এত বড় শাস্তি মাথা পেতে নিতে হতো না তাঁর। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় নিষেধাজ্ঞার শাস্তিটা হয়তো এড়িয়ে যেতে পারতেন সুয়ারেজ।
‘পাপীকে নয় পাপকে ঘৃণা করো’—কিয়েলিনি এই ধারণাতেই বিশ্বাস করেন। সুয়ারেজের নিষেধাজ্ঞাটা একেবারেই ভালো লাগেনি কিয়েলিনির। অপরাধীর শাস্তি হওয়ায় কোনো বাড়তি উচ্ছ্বাসও নেই তাঁর, ‘আমার মনে কোনো আনন্দ, প্রতিশোধের ইচ্ছা বা সুয়ারেজের প্রতি কোনো ক্ষোভ নেই। তাঁর শাস্তিটা বেশি হয়ে গেছে।’ ব্যাপারটা সোজাসুজিই জানিয়েছেন তিনি।
এর আগে পরিবার ও ভক্তদের পাশাপাশি সুয়ারেজ পাশে পেয়েছেন কিংবদন্তি ম্যারাডোনাকেও। আর এবার পাশে পেলেন কামড়-কাণ্ডের ‘ফরিয়াদি’ কিয়েলিনিকেই। সুয়ারেজ এবং তাঁর পরিবারের জন্যও কিয়েলিনি জানিয়েছেন তাঁর সমবেদনা, ‘এই মুহূর্তে আমার দুশ্চিন্তা শুধু লুইস (সুয়ারেজ) আর তাঁর পরিবারকে নিয়ে। তাদের জন্য খুব কঠিন একটা সময় অপেক্ষা করছে।’