সুয়ারেজের পক্ষে-বিপক্ষে
লিভারপুল স্বপ্ন দেখছে, আবার সুদিন ফিরবে অ্যানফিল্ডে। অনেকেরই বিশ্বাস, ‘অলরেড’দের এই স্বপ্নের সারথি হবেন লুইস সুয়ারেজ। আয়াক্স থেকে গত মৌসুমে লিভারপুলে নাম লিখিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার। অ্যানফিল্ডে শুরু থেকেই মাঠ মাতাচ্ছেন। তাঁর খেলায় মুগ্ধ পুরো অ্যানফিল্ড।তবে প্রতিপক্ষ দলগুলো ত্যক্ত সুয়ারেজের আচরণে। একে বর্ণবাদী গালি দেওয়া, ওকে গুঁতো মারা, ডাইভিং—সুয়ারেজের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তিটা লম্বা। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিস এভরা অভিযোগ করেন, সুয়ারেজ তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন। আর পরশু নরউইচের সঙ্গে লিভারপুলের ১-১ গোলের ড্র ম্যাচে তাঁর বিরুদ্ধে উঠেছে ডাইভিংয়ের অভিযোগ।নরউইচের ডিফেন্ডার মার্ক টায়ারনির কাছে বল হারান সুয়ারেজ। অমনি মাঠে পড়ে যান লিভারপুলের স্ট্রাইকার। শুরু করে দেন গড়াগড়ি, যেন ব্যথায় মরেই যাচ্ছেন! কিন্তু রেফারি ভানটা ধরে ফেলেন। টায়ারনিকে কার্ড দেখানো দূরে থাক, ঘটনাটায় ফাউলই দেননি তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসনও ডাইভিংয়ের অভিযোগ তুলেছেন সুয়ারেজের বিরুদ্ধে।তবে এত কিছুর পরও কেনি ডালগ্লিস তাঁর সেরা স্ট্রাইকারের পাশেই আছেন। যাঁকে ঘিরে স্বপ্ন দেখছেন পুরোনো দিনে ফেরার, তাঁকে সমর্থন না করে কি পারেন তিনি? তাই লিভারপুল কোচ বলেছেন, ‘আমার কথা ওকে নিয়ে নয়। যারা সুয়ারেজের সততা নিয়ে প্রশ্ন তুলছে, তাদের সততা নিয়েই প্রশ্ন আছে।’প্রতিপক্ষ বা অন্য সবার কথা একটাই—সুয়ারেজ এত বড় মাপের খেলোয়াড়, তাঁর তো অন্য সবার জন্য আদর্শ হওয়া উচিত। সেটা না হয়ে সেই সুয়ারেজই কি না এসব উল্টাপাল্টা আচরণ প্রদর্শন করছে মাঠে? ফার্গুসন তো এসব দেখে অবাক। কিন্তু ডালগ্লিসের কথা, ‘মাঠে সে উদাহরণ সৃষ্টিকারী। অসাধারণ এক ফুটবলার সে। সুয়ারেজের ওপর আমাদের শতভাগ আস্থা আছে।’সুয়ারেজকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও। কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে হাত দিয়ে বল ধরে লাল কার্ড দেখেছিলেন। তবে এ কাজের জন্যই আবার প্রশংসিত হয়েছিলেন দেশে। অন্তিম মুহূর্তে তাঁর ওই লাল কার্ডের বিনিময়েই সেমিফাইনালে ওঠে উরুগুয়ে।এত অভিযোগের বোঝা মাথায় নিয়ে সুয়ারেজ কি পারবেন লিভারপুলকে আলোকিত বৃত্তে ফেরাতে? যদি পারেন, স্মরণীয়-বরণীয়ই হবেন অ্যানফিল্ডে। এএফপি।