সুয়ারেজের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ার পর লুইস সুয়ারেজকে নিয়ে কম সমালোচনা হয়নি। প্রায় সবাই তাঁকে ধুয়ে দিয়েছেন। ইতালির সঙ্গে উরুগুয়ের ম্যাচে সাড়া ফেলে দেওয়া কামড়-কাণ্ডের পর সুয়ারেজের শাস্তিও হয়েছে। চার মাস মাঠের বাইরে থাকতে হবে মাত্রই বার্সেলোনায় যোগ দেওয়া স্ট্রাইকারকে। তবে শাস্তিটা একটু বেশি হয়ে গেছে দাবি করে সুয়ারেজের পাশে দাঁড়িয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এবার আরও একজনের সহমর্মিতা পেলেন সুয়ারেজ। কিয়েলিনির ক্লাব জুভেন্টাসেরই ঘরের ছেলে পাভেল নেদভেদও দাঁড়িয়েছেন সুয়ারেজের পাশে! কেন যেন সাবেক চেক প্রজাতন্ত্র মিডফিল্ডারের সহানুভূতি সুয়ারেজের প্রতি। বরং কিয়েলিনির আচরণেই বেশি বিরক্ত নেদভেদ। বলেছেন, ‘কিয়েলিনির প্রতিক্রিয়ায় আমার ভীষণ রাগ হয়েছে। ওর আচরণ ছিল শিশুসুলভ, বারবার রেফারিকে কামড়ের দাগ দেখানোর চেষ্টা করছিল।’ ইএসপিএন।