সুয়ারেজের পাশে টাইসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইতালির জর্জো কিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে ব্রাজিল বিশ্বকাপের ভিলেনই হয়ে গেছেন লুইস সুয়ারেজ। তবে ফিফার শাস্তি-নিষেধাজ্ঞার পরও নিজেকে একা না ভাবলেও চলছে উরুগুয়ের এই ফুটবল তারকার। পাশে পাচ্ছেন খেলার জগতের আরেক ‘কামড়-গুরু’ মাইক টাইসনকে। সর্বকালের সেরা হেভিওয়েট চ্যাম্পিয়ন তো বটেই, সবচেয়ে কম বয়সে হেভিওয়েট চ্যাম্পিয়নের রেকর্ডটিও তাঁরই ঝুলিতে। কিন্তু সুয়ারেজের মতো কামড়-কাণ্ড আছে তাঁরও। একবার তো কামড়ে প্রতিপক্ষ বক্সার ইভান্ডার হলিফিল্ডের কানই ছিঁড়ে ফেলেছিলেন। ফুটবল থেকে চার মাস এবং ৯টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ সুয়ারেজের কষ্টটা সেই টাইসনের চেয়ে আর কেই-বা ভালো বুঝবে! সামাজিক যোগাযোগমাধ্যমে রেডিটের এক প্রশ্ন-উত্তর পর্বে সম্প্রতি সুয়ারেজের কামড়-কাণ্ড নিয়ে টাইসনের মতামত জানতে চাওয়া হয়েছিল। টাইসন কী বলেছেন, সেটা তাঁর মুখ থেকেই শুনুন, ‘সুয়ারেজের কামড়-কাণ্ড? আমি বুঝতে পারি...তখন মানুষ আসলে জ্ঞানশূন্য হয়ে পড়ে। এটি এমন এক মুহূর্ত যখন প্রতিদ্বন্দ্বিতা করতে করতে শিরায় বয়ে চলা রক্ত টগবগ করে ফুটতে থাকে এবং মুহূর্তের মধ্যে আপনাকে সব রকমের বাস্তবতার বাইরে নিয়ে যায়। মাঝেমধ্যে আপনি কিছু করে ফেলবেন, যা আসলে আপনি নন।’ গোলডটকম।