সুয়ারেজের যত কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিয়োলিনির কাঁধে দাঁত বসিয়ে দেওয়ার পর সুয়ারেজ। ছবি: রয়টার্স
কিয়োলিনির কাঁধে দাঁত বসিয়ে দেওয়ার পর সুয়ারেজ। ছবি: রয়টার্স

লুইস সুয়ারেজ যেন এক মূর্তিমান প্রহেলিকা। বিতর্ক জন্ম দেওয়াই যার মজ্জাগত অভ্যাস! মুহূর্তের জাদুতে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা যেমন তাঁর আছে, তেমনি হুট করে ব্যাখ্যাতীত সব কাণ্ড ঘটাতেও বেশ পারঙ্গম উরুগুয়ের এ স্ট্রাইকার। সর্বশেষ কাণ্ডটি ঘটিয়েছেন গতকাল, ইতালির বিপক্ষে। ৭৯ মিনিটে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে দিয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। এ কাণ্ডের পর ফুটবল বিশ্বে উঠেছে বিতর্কের ঝড়। সুয়ারেজের এই কামড়-কাণ্ড কিন্তু নতুন কিছু নয়। অতীতেও অন্য খেলোয়াড়কে কামড়ে দিয়ে নিন্দিত হয়েছিলেন তিনি। কেবল কামড় নয়, ফুটবল মাঠে নানাবিধ শৃঙ্খলাজনিত বিতর্কের কারণেও কুখ্যাত তিনি। প্রিয় পাঠক, আসুন, এ ব্যাপারে সুয়ারেজের অন্ধকার অতীতে একটু আলো ফেলা যাক।

বাক্কালকে কামড়
২০১০ সালের নভেম্বরে ডাচ লিগে প্রথম কামড়-জাতীয় অপকর্মটি করেছিলেন। ওই সময় আয়াক্সের হয়ে খেলার সময় কামড়ে দিয়েছিলেন অটোমান বাক্কালকে। সে জন্য সাত ম্যাচের নিষেধজ্ঞা মাথা পেতে নিতে হয় তাঁকে। ফুটবলে উরুগুয়ে স্ট্রাইকারের ‘কামড়-কাণ্ড’ সেই যে শুরু হলো, তা এখনো চলছে!

ইভানোভিচকে কামড় বসিয়ে দিচ্ছেন সুয়ারেজ।
ইভানোভিচকে কামড় বসিয়ে দিচ্ছেন সুয়ারেজ।

ইভানোভিচকে কামড়
২০১৩ সালের ২১ এপ্রিল ঘটালেন আরেক অভব্য ঘটনা। চেলসির ইভানোভিচকে আচমকা কামড়ে বসলেন! কেন ওভাবে কামড়েছিলেন লিভারপুল স্ট্রাইকার, সে রহস্যও পরে উন্মোচন করেছেন নিজেই। না, ইভানোভিচ কোনো উসকানি দেননি, কোনো পূর্বশত্রুতাও ছিল না তাঁদের মধ্যে। তাহলে কেন অমন করলেন? সুয়ারেজ জানান, কারণ কিছুই নয়, হঠাত্ই মেজাজ বিগড়ে গিয়েছিল তাঁর! ওই ঘটনার কিছুক্ষণ আগে সুয়ারেজের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল চেলসি। সে কারণে মেজাজ বিগড়ে গিয়েছিল তাঁর। যার রেশ ধরে পেনাল্টি বক্সে ইভানোভিচের সঙ্গে বলদখলের লড়াইয়ে গিয়ে হঠাত্ই কামড়ে দেন তাঁর বাহুতে। এ জন্য ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিভারপুল তারকা। হাত কামড়ে দেওয়ার পর তাঁর নাম হয়ে গিয়েছিল ‘আয়াক্সের নরখাদক’।

হাত দিয়ে বল ঠেকানো

গত বিশ্বকাপেও এক বিতর্কিত ঘটনায় সমালোচিত তিনি। কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোললাইনে দাঁড়িয়ে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ঠেকিয়েছিলেন সুয়ারেজ। ঘানা অবশ্য পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেনি। শট নিতে আসা ঘানার আসামোয়া জিয়ান বল ক্রসবারে লাগিয়ে পাঠিয়ে দেন বাইরে। এরপর অভাবনীয় এক জয়ে সেমিফাইনালে ওঠে উরুগুয়ে। কিন্তু নিয়মবিরুদ্ধ কাণ্ডের জন্য নগদেই শাস্তি পান সুয়ারেজ। সুয়ারেজ পরে বলেছিলেন, বল নয়, দলকে সেভ করেছি!


বর্ণবাদী আচরণ

বর্ণবাদী আচরণের জন্যও নিন্দিত সুয়ারেজ। ২০১১ সালে লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের একটি ম্যাচে প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দিয়ে নিষিদ্ধ হয়েছিলেন আট ম্যাচ। একই সঙ্গে তাঁকে জরিমানা করা হয়েছিল ৪০ হাজার পাউন্ড। পরে সুয়ারেজ দাবি করেছিলেন, উরুগুয়েতে এ ধরনের শব্দ ইতিবাচক-অর্থে ব্যবহূত হয়। মৌসুমে আবারও যখন দুই দলের দেখা হয়, তখন এভরার সঙ্গে করমর্দনে অস্বীকৃতি জানিয়ে বিতর্কের জন্ম দেন লিভারপুল তারকা।
‘স্বভাব যায় না মলে’—বাংলা এ প্রবচণটির সার্থক চরিত্র বোধ হয় এই সুয়ারেজই!