সুয়ারেজের শাস্তি এবং...

লুইস সুয়ারেজের কামড়-কাণ্ড যতটা ঝড় তুলেছিল, তাঁর শাস্তি নিয়েও ফুটবল-বিশ্ব ততটাই তোলপাড়। চলছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদের ঝড়ের মাত্রা সুয়ারেজের দেশ উরুগুয়েতেই সবচেয়ে বেশি।
সব ধরনের ফুটবল থেকে চার মাসের নির্বাসন, আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ ৯ ম্যাচ। সঙ্গে ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার জরিমানা, বিশ্বকাপে দলের সঙ্গেও থাকতে পারবেন না। শাস্তির বহর দেখে ডিয়েগো ম্যারাডোনা সঙ্গে সঙ্গেই প্রশ্ন তুলেছেন, ‘সুয়ারেজ কাকে খুন করেছে?’ যাঁকে কামড় দেওয়ায় এই শাস্তি, সেই জর্জো কিয়েলিনি বলেছেন, শাস্তিটা বেশি হয়ে গেছে। শাস্তিটা কম না বেশি, সেই ব্যাখ্যায় না গিয়ে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ বলেছেন, সুয়ারেজকে স্রেফ বলির পাঁঠা বানানো হয়েছে।
ক্রুদ্ধ তাবারেজ অভিযোগ করেছেন ফিফা ক্ষমতার অপব্যবহার করে সুয়ারেজকে ‘মাত্রাতিরিক্ত’ শাস্তি দিয়েছে। এর প্রতিবাদে ফিফার পদ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছেন । উরুগুয়ের ৬৭ বছর বয়সী কোচ ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ ও স্ট্র্যাটেজিক কমিটির সদস্য। তাবারেজ বলেছেন, ‘আপনি অনেক সময়ই ভুলে যান, যাকে বলির পাঁঠা বানানো হচ্ছে সে একজন মানুষ। তারও অধিকার আছে।’ উরুগুয়ের অধিনায়ক ডিয়েগো লুগানো এমনকি উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুহিকাও পাশে দাঁড়িয়েছেন সুয়ারেজের। উরুগুইয়ান প্রেসিডেন্ট মনে করেন, সুয়ারেজের শাস্তি ফুটবল ইতিহাসের জন্য ‘লজ্জার’, এটা বিশ্বকাপের ইতিহাসের জন্য অত্যন্ত লজ্জার।’
অধিনায়ক লুগানোর দাবি ওই ঘটনায় দোষী আসলে দুজনই, ‘ম্যাচের পর আমরা ওই দৃশ্য (কামড়ানোর দৃশ্য) দেখেছি। তাতে ওই ঘটনায় জড়িত—ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনি ও লুইস সুয়ারেজ...দুজনেরই শাস্তি হওয়া উচিত।’ এএফপি ও রয়টার্স।