সুয়ারেজের শাস্তি মেনে নিল লিভারপুল
গত শনিবারই বোঝা গেছে, এই লড়াইয়ের ফল অনিবার্য পরাজয়। হয়তো কিছুদিনের জন্য শাস্তিটা স্থগিত রাখা যেত। কিন্তু তাতে আখেরে লাভ কিছুই হতো না। লুইস সুয়ারেজের আট ম্যাচের নিষেধাজ্ঞা আর ৪০ হাজার পাউন্ড জরিমানার শাস্তি তাই মেনে নিল লিভারপুল। ফলে পরশু থেকেই রায় কার্যকর হয়ে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারেননি সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার খেলতে পারবেন না লিগ কাপের সেমিফাইনালেও। ফিরবেন ৬ ফেব্রুয়ারি টটেনহামের বিপক্ষে ম্যাচটিতে।এফএ (ইংলিশ ফুটবল সংস্থা) গত শনিবার ১১৫ পৃষ্ঠার রায়ের পূর্ণ বিবরণ প্রকাশের পাশাপাশি সুয়ারেজের পক্ষে যেসব যুক্তি উপস্থাপন করা হয়েছিল, সেগুলোকে ‘অনির্ভরযোগ্য’ ও ‘অসামঞ্জস্যপূর্ণ’ অভিহিত করে একটা বিবৃতিও দেয়। সুয়ারেজ দাবি করেছিলেন, ১৫ অক্টোবরের ম্যাচটিতে ম্যানইউর প্যাট্রিস এভরাকে তিনি ‘নিগ্রো’ বলেছেন ঠিকই, কিন্তু এই শব্দটি লাতিন আমেরিকান স্প্যানিশে বন্ধুরা বন্ধুদের উদ্দেশে প্রায়ই ঠাট্টা করে বলে। এটা অন্তত তাঁর দৃষ্টিতে বর্ণবাদী গালি নয়। কিন্তু এই যুক্তি ধোপে টেকেনি।তখনই বোঝা গেছে, রায়ের বিরুদ্ধে আবেদন করলেও লাভ হবে না। যদিও তাদের এই সিদ্ধান্ত বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি সুয়ারেজকে অপরাধী হিসেবে মেনে নেওয়া হলো? তা-ই যদি হয়, তবে কেন এমন আচরণের জন্য ক্ষমা চাওয়া হলো না? আর লিভারপুল সমর্থকদের প্রশ্ন, এই জানুয়ারিতে লিগ কাপের সেমিফাইনালসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এ সময় শাস্তিটা মেনে না নিতেও তো পারত ক্লাব।সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন কেনি ডালগ্লিশ। সুয়ারেজের পক্ষও সমর্থন করেছেন লিভারপুল-কোচ, ‘আমি ভাষা বিশেষজ্ঞ নই। তবে আপনারা কোনো বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলে তারাই বলে দেবে, উরুগুয়ের যে অঞ্চল থেকে সে এসেছে, সেখানে এমন আচরণ দোষের কিছু নয়।’শাস্তি যখন মেনে নিতেই হবে, তখন যত দ্রুত সম্ভব ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো মনে করেছে লিভারপুল। এ কারণেই এ নিয়ে আর বেশি জল ঘোলা করতে চায়নি বলেও জানিয়েছেন ডালগ্লিশ। এএফপি।