সুয়ারেজের সমর্থনে
লুইস সুয়ারেজকে নিয়ে এখন যেন স্পষ্টতই দুটি পক্ষ। কেউ সুয়ারেজের পক্ষে, কেউ বিপক্ষে। ম্যানইউর প্যাট্রিস এভরাকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে আট ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই আবার বিতর্কে জড়ান সেই এভরার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়ে। ব্যাপক সমালোচনার মুখে ক্ষমাও চেয়েছেন লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার। তবে বারবার বিতর্কে জড়ালেও নিজ দেশে এতটুকু কমেনি জনপ্রিয়তা। সেখানে যে তিনি এখনো ‘জাতীয় বীর’ সেটারই প্রমাণ পাওয়া গেল পরশু। কোপা লিবার্তোদোরেসে প্যারাগুয়ের ক্লাব লিবারতাদের মুখোমুখি হয়েছিল সুয়ারেজের সাবেক ক্লাব উরুগুয়ের ন্যাসিওনাল। ক্লাবটির খেলোয়াড়েরা ‘ভেঙে পড়ো না লুইস’ স্লোগান লেখা ব্যানার নিয়ে মাঠে নামেন। দর্শকদের সঙ্গেও ছিল সুয়ারেজের সমর্থনে আনা ব্যানার-ফেস্টুন। অনেকে মাঠে এসেছিল তাঁর মুখোশ পরে। এই স্ট্রাইকার সমর্থন পেয়েছেন উরুগুয়ের রাষ্ট্রপতি হোসে মুজিচারও। ‘সুয়ারেজ কখনোই বর্ণবাদী নয়’ বলে মন্তব্যও করেছেন তিনি। এএফপি।