সুয়ারেজের 'ত্রুটি-বিচ্যুতি' মেনে নিচ্ছে বার্সেলোনা

‘ভালো-মন্দ মিলিয়েই তো মানুষ’। ‘কেউই নিখুঁত না’—এ ধরনের কথাই এখন বারবার আওড়ে যাচ্ছেন বার্সেলোনার কর্তাব্যক্তিরা। কারণ লুইস সুয়ারেজ। বিশ্বকাপে ‘কামড়-কাণ্ডে’ বিশ্বব্যাপী নিন্দা কুড়ানো সুয়ারেজ যে এখন বার্সেলোনা শিবিরে। আগামী মৌসুমে উরুগুয়ের এই স্ট্রাইকারকেই দেখা যাবে বার্সা আক্রমণভাগের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে।
কিন্তু সুয়ারেজকে মাঠে পাওয়ার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বার্সেলোনাকে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ার জন্য চার মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন সুয়ারেজ। তার মানে আগামী নভেম্বরের আগে মাঠে নামতে পারবেন না এ সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। মাঠে ফেরার পর সুয়ারেজকে যেন নতুনভাবে সমালোচনার মুখে না পড়তে হয়, সেটাই এখন নিশ্চিত করতে চাইছে বার্সেলোনা।
ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর আনডোনি জুবিজারেতা বলেছেন, ‘মানুষের কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে আর সেগুলো থেকে শেখার সামর্থ্যও থাকে। বার্সেলোনা এটা মেনে নিয়েছে। সুয়ারেজ বার্সেলোনাতে খুব ইতিবাচক ভূমিকা পালন করতে যাচ্ছে।’
এবারের মৌসুমের শুরুতেই সুয়ারেজকে ১২৮ মিলিয়ন ডলারের বিনিময়ে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি এখন সুয়ারেজের শাস্তির মেয়াদ কমানো যায় কিনা, সেই চেষ্টাও করছে। জুবিজারেতা বলেছেন, ‘কীভাবে আমাদের খেলোয়াড়ের সুরক্ষা দিতে পারি সেটার জন্য এখন আমরা ফিফার দেওয়া রিপোর্টগুলো খতিয়ে দেখছি।’
বার্সার নতুন কোচ লুইস এনরিকেও সম্প্রতি বলেছিলেন যে, তিনি সুয়ারেজকে মৌসুমের শুরু থেকেই দলে পেতে চান। কিন্তু শেষপর্যন্ত ফিফা শাস্তির মেয়াদ না কমালে সুয়ারেজের জন্য নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে বার্সেলোনাকে।