সুয়ারেসে উদ্ধার আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা গোলরক্ষক লিটনকে একা পেয়েও গোল করতে পারলেন না আবাহনীর ওসেই মরিসন। শেষ পর্যন্ত আবাহনী ম্যাচটা জিতেছে সুয়ারেসের গোলে   ষ প্রথম আলো
মুক্তিযোদ্ধা গোলরক্ষক লিটনকে একা পেয়েও গোল করতে পারলেন না আবাহনীর ওসেই মরিসন। শেষ পর্যন্ত আবাহনী ম্যাচটা জিতেছে সুয়ারেসের গোলে ষ প্রথম আলো

মোহামেডানের কোচ রুই ক্যাপেলাকে নিয়মিতই এমন সমালোচনা সহ্য করতে হচ্ছে। ‘অতিরক্ষণাত্মক কৌশলের’ আড়ালে নাকি নেতিবাচক ফুটবল খেলান পর্তুগিজ কোচ। স্বাধীনতা কাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের কাছে হেরে সেদিন এভাবেই ক্যাপেলাকে একহাত নিয়েছিলেন আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমি। কিন্তু কাল সে অভিযোগটা উল্টো বুমেরাং হয়ে ছুটে গেল আবাহনী কোচের দিকেই। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম বলছিলেন, ‘এমন ফুটবল আবাহনীর কাছে আশা করা যায় না...।’ কাল আধঘণ্টার মধ্যে মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যাওয়া আবাহনী সেই যে রক্ষণের খোলসে ঢুকল, সে দেয়াল আর ভাঙেনি।
অতৃপ্তি আছে ম্যাচের একমাত্র গোলদাতা লিওনিলদো সুয়ারেসের মনেও, ‘এমন ম্যাচে একটা মাত্র গোল যথেষ্ট নয়। জিতলেও আমি খুশি হতে পারছি না।’ অথচ এই ম্যাচ আরও সহজে জিততে পারত আবাহনী। ইব্রাহিম ও মরিসন সহজ দুটি সুযোগ নষ্ট করাতেই হয়নি সেটি। বক্সের সামনে বল পেয়েও ইব্রাহিম মারলেন বাইরে। গোলরক্ষক লিটনকে ফাঁকি দিয়ে মরিসনও একই কাণ্ড করলেন।
এটা আবাহনীর পুরোনো রোগ। মাঝমাঠ থেকে বল নিয়ে অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলেন ফুটবলাররা। আর ভাঙা রেকর্ডের মতো একই কথা প্রতিদিন শোনান কোচ আলী আকবর, ‘আমাদের একজন ফিনিশারের দরকার, যে বিপজ্জনকভাবে বক্সে ঢুকে গোল করবে।’ অতিরক্ষণাত্মক হওয়ার ব্যাখ্যাও দিলেন, ‘প্রতিপক্ষ যখন বেশি আক্রমণ শুরু করে তখন নিচে নেমে খেলা ছাড়া উপায় থাকে না।’ স্ট্রাইকিং সমস্যার সঙ্গে আবাহনী শিবিরে হানা দিয়েছে চোট। কাল মাত্র ২০ মিনিট খেলিয়েই মিডফিল্ডার জামালকে তুলে নিলেন কোচ। সৈকত, শাহেদও পুরো সময় খেলতে পারলেন না চোটের কারণে। মাঝমাঠটা তাই কখনোই সুসংগঠিত হতে পারছিল না।

ম্যাচের ২৯ মিনিটে শাহেদের পাস থেকে সুয়ারেসের গড়ানো শটে এগিয়ে যায় আকাশি-নীলরা। এর পর থেকেই ম্যাচে ফেরার চেষ্টা করেছে মুক্তিযোদ্ধা। ৪২ মিনিটে সুযোগও পেয়েছিলেন এনকোচা। কিন্তু গোলরক্ষক সোহেলকে একা পেয়েও বলটা তুলে দিলেন হাতে! গত ম্যাচে বিজেএমসির বিপক্ষে চার গোলের তিনটি করেছিলেন এনকোচা, এলিটা আর সানডে। কাল এই ত্রয়ীকে খুঁজেই পাওয়া গেল না। ম্যাচ শেষে শফিকুলের হতাশা, ‘এমন সুযোগ কেন যে ওরা নষ্ট করল, ওরাই ভালো বলতে পারবে।’

১২ ম্যাচে ২৫ পয়েন্টে দুইয়ে আবাহনী। ১৮ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা চারেই রইল।