সূচি ঘোষণা এশিয়া কাপের

সূচি চূড়ান্ত করার পর সেটির আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হলো। ঢাকায় কাল এসিসির সংবাদ সম্মেলনে এটাও জানানো হলো, বাংলাদেশে এশিয়া কাপ ক্রিকেট খেলতে আসবে পাকিস্তান দল। কাজেই জল্পনা-কল্পনার অবসান হওয়াই উচিত। ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশেই শুরু এশিয়া কাপ ক্রিকেট ২০১৪। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ওই পাকিস্তানই।
সূচি ঘোষণার সংবাদ সম্মেলনে কাল কারণে-অকারণে এল পাকিস্তান প্রসঙ্গ। তবে এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পাঁচ জাতি এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশেই হবে এবং তাতে অংশ নিতে আগামী ২২ ফেব্রুয়ারি পাকিস্তান দল ঢাকায় আসবে। আর যদি শেষ পর্যন্ত কোনো কারণে তারা না-ও আসে, নির্ধারিত সময়ে পাকিস্তানকে ছাড়াই শুরু হবে টুর্নামেন্ট। ‘কোনো দল খেলতে না এলেও এশিয়া কাপ চলবে। এ রকম ঘটনা আগেও ঘটেছে। ১৯৮৬ এশিয়া কাপে ভারত খেলেনি। ১৯৯১ এশিয়া কাপে পাকিস্তান খেলেনি। এবারও কোনো দল না এলে তাদের ছাড়াই বাংলাদেশে টুর্নামেন্ট হবে’—বলেছেন সৈয়দ আশরাফুল হক।
ক্রিকেট বাংলাদেশে বরাবরই দল-মত-ধর্মের সীমানা ছাড়িয়ে গেছে। এসিসির প্রধান নির্বাহীর আশা, এবারও তার ব্যতিক্রম হবে না, ‘অতীত অভিজ্ঞতা থেকে বলছি, ক্রিকেটকে কেন্দ্র করে এ দেশে পুরো জাতি এক হয়ে যায়। ১৯৯৭ আইসিসি ট্রফি জয় বা ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর আমরা দেখেছি কীভাবে দেশের সব মানুষ এক হয়ে রাস্তায় নেমে এসেছিল, উৎসব করেছিল। তখন যদি এটা হতে পারে, এখন কেন হবে না?’
এশিয়া কাপ এবং তার আগে শ্রীলঙ্কা সিরিজ ও পরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক পরিস্থিতি বাধা হবে না বলে বিশ্বাস সৈয়দ আশরাফুল হকের। এ ব্যাপারে প্রধান বিরোধী দল বিএনপির সর্বাত্মক সমর্থন পাওয়া যাবে বলেও বিশ্বাস তাঁর। এসিসির প্রধান নির্বাহী কারও নাম উল্লেখ না করেই বলেছেন, ‘বিএনপির সঙ্গে আমি আলোচনা করেছি। এশিয়া কাপ, শ্রীলঙ্কা সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তারা সর্বাত্মক সাহায্য করবে বলে জানিয়েছে। আমি কারও নাম বলছি না, তবে বিএনপির মূল মুখপাত্রই আমাকে অফিশিয়ালি এটা বলেছেন।’
পিসিবি কখনোই আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা বাংলাদেশে এশিয়া কাপ খেলবে না। তবে চেয়েছে বাড়তি নিরাপত্তা এবং বিসিবির পক্ষ থেকে সেটার নিশ্চয়তাও দেওয়া আছে। আশরাফুল হক সঙ্গে যোগ করলেন, ‘শুধু পাকিস্তান নয়, সব দলের অংশগ্রহণই নির্ভর করবে নিরাপত্তার নিশ্চয়তার ওপর। উপমহাদেশের দেশগুলোতে এটা সব সময়ই হয়ে আসছে।’ সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২০ জানুয়ারি ঢাকায় আইসিসির নিরাপত্তা সভা। সে সভায় যোগ দিতে পাকিস্তানের প্রতিনিধিদল আগামীকাল ঢাকা আসবে। দলটি এশিয়া কাপের নিরাপত্তা নিয়েও আলোচনা করবে।
বিসিবির সঙ্গে পিসিবির সম্পর্কের টানাপোড়েন চলছে ২০১২ সাল থেকে। নিরাপত্তার প্রশ্ন তুলে পাকিস্তানে নির্ধারিত সফর করেনি বাংলাদেশ দল। পরে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পাকিস্তানের খেলোয়াড়দের খেলতে না দিয়ে পিসিবি সেটার ‘প্রতিশোধ’ নিয়েছে। তাতেও যে বিসিবির ওপর তাদের রাগ পুরোপুরি যায়নি, এশিয়া কাপ প্রসঙ্গে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তবে ক্রিকেটের স্বার্থেই দুই বোর্ডের এই শীতল সম্পর্কে উষ্ণতা আনা জরুরি বলে মনে করেন আশরাফুল হক, ‘আমি মনে করি একটা টেস্ট জাতি হিসেবে সব বোর্ডের সঙ্গেই সবার ভালো সম্পর্ক থাকা উচিত।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ম্যাচগুলো। গ্রুপ পর্বের প্রথম পাঁচটি ম্যাচ হবে ফতুল্লায়, শেষ পাঁচটি মিরপুরে। ৮ মার্চ ফাইনালও হবে মিরপুর স্টেডিয়ামেই। ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৬০ হাজার ডলার ও রানার্সআপ দল ৩০ হাজার ডলার। ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার ৭ হাজার ৫০০ ডলার ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১২ হাজার ৫০০ ডলার। এ ছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের উইনিং মানি ১০ হাজার ডলার, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ৫ হাজার ডলার।
টুর্নামেন্টের সূচি
২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলঙ্কা ফতুল্লা
২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ফতুল্লা
২৭ ফেব্রুয়ারি আফগানিস্তান-পাকিস্তান ফতুল্লা
২৮ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কা ফতুল্লা
১ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ফতুল্লা
২ মার্চ ভারত-পাকিস্তান মিরপুর
৩ মার্চ আফগানিস্তান-শ্রীলঙ্কা মিরপুর
৪ মার্চ বাংলাদেশ-পাকিস্তান মিরপুর
৫ মার্চ আফগানিস্তান-ভারত মিরপুর
৬ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা মিরপুর
৮ মার্চ ফাইনাল মিরপুর
* সব ম্যাচ শুরু বেলা ২টায়