সূচিতে রদবদল হবে!
হারুন লরগাত একে একে সব প্রশ্নের উত্তর দিলেন। কখনো তিনি কূটনীতিক, কখনো কথা বললেন সোজাসাপ্টা। আইসিসির প্রধান নির্বাহী কাল সকালে মিরপুর স্টেডিয়ামে এভাবেই হাজির হন সংবাদমাধ্যমের সামনে। তবে শুরুতেই আগের সন্ধ্যায় হয়ে যাওয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের দরাজ প্রশংসা থাকল তাঁর মুখে। একটা শব্দেই বোঝালেন, ‘জমকালো’। ২০০৩ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে তুলনা করে ঢাকাকেই রাখলেন এগিয়ে।নিজেই বললেন, ‘আগামীকালই (আজ) আসলে বিশ্বকাপ শুরু।’ আর বিশ্বকাপ মাঠে নামার এক দিন আগে হারুন লরগাত দিলেন নতুন তথ্য। বিশ্বকাপের নকআউট পর্বে দুটি স্বাগতিক দল মুখোমুখি হলে প্রাক-টুর্নামেন্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশেই ম্যাচটা হবে।ধরা যাক, ফিকশ্চার অনুযায়ী কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা (এ-১ ও বি-৪) মুখোমুখি হলে ম্যাচটা ঢাকায় হওয়ার কথা। কিন্তু লরগাত জানাচ্ছেন, ‘দুটি স্বাগতিক দল কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে মুখোমুখি হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশই স্বাগতিক হবে।’ সে ক্ষেত্রে ঢাকার এই কোয়ার্টার ফাইনালটি চলে যাবে শ্রীলঙ্কায় আর শ্রীলঙ্কার কোয়ার্টার ফাইনালটি চলে আসবে ঢাকায়। এটা স্রেফ রদবদল। পাকিস্তানের তিন ক্রিকেটারের স্পট ফিক্সিংয়ে জড়িয়ে শাস্তি পাওয়া, ক্রিকেটে দুর্নীতির অনুপ্রবেশ নিয়ে ভবিষ্যতে আইসিসি কী করছে এমন প্রশ্নের জবাবে বললেন, ‘ওই ঘটনাটা আমরা পেছনে ফেলে এসেছি। আমরা আমাদের নিজস্ব পদ্ধতি মেনে এগোচ্ছি। অনৈতিক ব্যাপারে আইসিসি একেবারেই ছাড় দেবে না।’১৪ দলের বিশ্বকাপ অনেক লম্বা হয় এবং টেস্ট খেলুড়ে দশটি বাদে বাকি চারটি দেশের উপস্থিতি মোটেও টুর্নামেন্টের আকর্ষণ বাড়ায় না বলে অনেকের অভিমত। সবকিছু বিবেচনায় আগামী বিশ্বকাপ ১০টি দেশ নিয়ে হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়ে আছে আগেই। সে ব্যাপারে কাল সরাসরি কিছু না বললেও প্রাথমিক সিদ্ধান্তটাই ঘুরেফিরে বললেন, ‘ভবিষ্যতে ১০টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনই বেশি মানানসই হবে।’টি-টোয়েন্টি এখন অনেক বেশি হচ্ছে। টাকার ছড়াছড়ি ক্রিকেটের ক্ষতি করছে। ইমরান খানের কথার সূত্র ধরে প্রশ্ন করা হলে হারুন লরগাত বললেন, ‘ইমরান-লয়েডদের সময়কার ক্রিকেট আর এখনকার ক্রিকেটে অনেক পার্থক্য। ক্রিকেটের সেই দিন আর নেই। এখন ক্রিকেট খেলে আয়ও করতে হবে।’ইডেনে ভারত-আয়ারল্যান্ড ম্যাচ দেওয়ার আবেদন রাখবে কি না আইসিসি, সে ব্যাপারে লরগাত আবারও ‘না’সূচক জবাব দিয়েছেন, ‘স্টেডিয়াম সংস্কারসহ সবকিছু এখন ঠিক আছে। সূচিতে ওই ম্যাচটি বেঙ্গালুরুতে ঠিক করা আছে, সেখানেই হবে।’