সূর্যতরুণকে ছাড়াই কাল থেকে লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির কালকের জরুরি সভার দিকে তাকিয়ে ছিল গোটা ক্রিকেটাঙ্গন। স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের অচলাবস্থা কাটানোর উপায় বের করা ও পরিস্থিতির ‘শিকার’ হয়ে সূর্যতরুণের প্রথম বিভাগে নেমে যাওয়া—আলোচ্যসূচি ছিল এই দুটিই। আগামীকাল থেকে আবার মাঠে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু সভা শেষে খারাপ খবরই পেল সূর্যতরুণ। প্রিমিয়ার থেকে তাদের অবনমিত করার যে সিদ্ধান্ত দিয়েছে সিসিডিএম, সেটিই বহাল রেখেছে বোর্ড।বোর্ড সূত্রের খবর, সূর্যতরুণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড পরিচালকদের মধ্যে তুমুল বাগিবতণ্ডা হয়েছে। সূর্যতরুণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় তাদের প্রিমিয়ারে রেখে দেওয়ার পক্ষে অবস্থান নেন তিন পরিচালক গাজী আশরাফ হোসেন, আহমেদ সাজ্জাদুল আলম ও আহমেদ ইকবাল আহসান। একপর্যায়ে এই তিন পরিচালকের সঙ্গে একমত হয়ে সূর্যতরুণের প্রিমিয়ারে টিকে থাকার পক্ষে রুলিং দিতে যাচ্ছিলেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। কিন্তু সেই রুলিং আর দেওয়া হয়নি। পরিচালকদের ভোটাভুটিতে সিসিডিএমের সিদ্ধান্তই বহাল থেকে গেছে।পরিচালক দেওয়ান শফিউল আরেফিনের নেতৃত্বে কয়েকজন সূর্যতরুণের অবনমনের পক্ষে জোরালো অবস্থান নিলে বদলে যায় দৃশ্যপট। সভা সূত্রের খবর, সূর্যতরুণের পক্ষে থাকা তিন পরিচালকের সঙ্গে তুমুল তর্ক হয় দেওয়ান শফিউল আরেফিনের। গোটা সভাই এ সময় উত্তপ্ত হয়ে ওঠে। তারই একপর্যায়ে আহমেদ ইকবাল আহসান ওয়াকআউট করেন। এমনকি তিনি যাওয়ার সময় ‘আমি বোর্ড থেকে পদত্যাগ করলাম’ বলে মৌখিক ঘোষণা দিয়ে যান। এসব প্রসঙ্গে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তবে তিনি বলেছেন, ‘আমরা দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছিলাম। কিন্তু সিসিডিএমের সিদ্ধান্ত পরিবর্তন করলে আইনি জটিলতা দেখা দিতে পারে, তাই ভোটাভুটিতে অধিকাংশ পরিচালকই সিসিডিমের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে মত দিয়েছেন।’উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বিকেএসপিতে প্রিমিয়ার লিগে সূর্যতরুণ-কলাবাগান ম্যাচ ছিল। ঢাকা থেকে যাওয়ার পথে সাভার ইপিজেডে যানজটে আটকে যায় সূর্যতরুণ। ওখানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ায় ওই পরিস্থিতি। সকাল নয়টায় খেলার শুরুর কথা, সূর্যতরুণ বিকেএসপি পৌঁছায় ৯টা ৫৮ মিনিটে। এরপর কলাবাগান খেলতে অস্বীকৃতি জানায় এবং পরে সিসিডিএমের সভায় সূর্যতরুণকে প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত আসে। এ ঘটনায় সিসিডিএম চেয়ারম্যান জি এস হাসান পদত্যাগ করেছেন। কালকের বোর্ড সভায় সিসিডিএমএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে হানিফ ভূঁইয়াকে। ওদিকে আনুষ্ঠানিক কোনো কারণ না দেখিয়েই ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করা হয়েছিল গত বুধবার রাতে। যদিও বাতাসে অনেক গুঞ্জন ভেসেছে। বিপিএল, আবাহনী-মোহামেডানের অনীহা ইত্যাদি কারণ অনুমান করেছেন অনেকেই। ক্লাবগুলো সংবাদ সম্মেলনে করে বিপিএলের জন্য খেলোয়াড় না ছাড়ার হুমকি দিয়েছিল। কালকের বোর্ড সভার পর বিসিবি থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে আবার শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। এ পর্যায়ে খেলা হবে দুই রাউন্ড, সুপার লিগ হবে পরে। সংশোধিত ফিকশ্চার দেওয়া হবে আজ। সভায় বিপিএলের সেক্রেটারি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিপিএলের খরচের জন্য প্রায় এক কোটি টাকা অনুদান চাইলে সেটি অনুমোদন করা হয়েছে।