সূর্যতরুণের কান্না শোনেনি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা সাতটা পর্যন্ত তিনি নিজেও ছিলেন সিসিডিএমের সভায়। কিন্তু খবরটা জানলেন বাসায় ফিরে, রাত ৯টার দিকে। প্রিমিয়ার লিগে আর নেই সূর্যতরুণ! সাভার ইপিজেডের ‘দুর্ঘটনা’ তাদের নামিয়ে দিয়েছে প্রথম বিভাগে।আসলেই কি দুর্ঘটনা? প্রশ্নটা এক দিন পরও তাড়িয়ে বেড়াচ্ছে সূর্যতরুণ অধিনায়ক আনিসুর রহমানকে। পরশু রাতে খবর পাওয়ার পর ধানমন্ডি ক্লাব টেন্টে ছুটে গেছেন সতীর্থদের সান্ত্বনা দিতে। অধিনায়কের মুখে এমন দুঃসংবাদ শুনে বাকরুদ্ধ হয়ে যান সূর্যতরুণ-সতীর্থরা। এও কি সম্ভব? কেউ কেউ অধিনায়ককে প্রশ্নও করে বসল, ‘আনিস ভাই, আমাদের কী দোষ? আমরা তো খেলতেই চেয়েছিলাম...।’ সেই খেলা আর হলো না সূর্যতরুণের। অনেক বড় খেলায় হেরে তারা এখন প্রথম বিভাগের দল।আট ম্যাচের আটটিতেই হেরে যাওয়ায় এমনিতেই রেলিগেশন লিগের দরজা দেখছিল দলটা। তার পরও সিসিডিএমের সিদ্ধান্ত তাদের জন্য যন্ত্রণার, কারণ শেষ তিনটা ম্যাচকে সূর্যতরুণ নিয়েছিল বাঁচা-মরার লড়াই হিসেবে। পেসার শফিউল ইসলাম যেমন বললেন, ‘শেষ তিনটা ম্যাচ আমরা খুব সিরিয়াসলি নিয়েছিলাম। সর্বস্ব দিয়ে হলেও প্রিমিয়ার লিগে থাকার চেষ্টা করতাম।’ আনিসুরের কণ্ঠে এই প্রতিজ্ঞা পূরণ করতে না পারার আফসোস, ‘অবনমন বাঁচানোর সুযোগ ছিল। ছোট ছোট ভুলের কারণে হয়তো জয় পাচ্ছিলাম না, তবে শেষ তিন ম্যাচে ফিরে আসার তাড়না ছিল সবার মধ্যে। সেই সুযোগ আমাদের দেওয়া হলো না। খুবই কষ্টদায়ক।’শুধু আনিসুর, শফিউলদের জন্যই নয়, সূর্যতরুণের এভাবে অবনমন ক্রিকেট মহলকেই করেছে আবেগাক্রান্ত। আইনের মারপ্যাঁচে হয়তো অনেক যুক্তি খুঁজে পাওয়া যাবে সিসিডিএম সভায় নেওয়া সিদ্ধান্তের পক্ষে। কিন্তু সূর্যতরুণের অপরাধ কি এতটাই ক্ষমার অযোগ্য ছিল যে একটিবার সেটি বিবেচনা করা গেল না! এর আগে একবার বিকেএসপিকে তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছিল সময়মতো মাঠে না যাওয়ার কারণে। কিন্তু পরশুর ঘটনায় তো সূর্যতরুণের দায় নেই। সেই হিসেবে বাংলাদেশের ক্রিকেটে এমন অবনমনকে নজিরবিহীনই বলতে হবে।সূর্যতরুণের দাবি, পরশু সিসিডিএমও চেয়েছিল তাদের আরেকটা সুযোগ দিতে। ম্যাচটা নতুন করে খেলাতে। কলাবাগান রাজি হয়নি বলেই তা সম্ভব হয়নি। বাইলজের শব্দ অক্ষরে অক্ষরে মেনে সূর্যতরুণকে দেখিয়ে দেওয়া হলো নিচে নেমে যাওয়ার পথ।কিন্তু সূর্যতরুণ প্রথম বিভাগে নেমে গেলে কলাবাগানের লাভ কী—উঠছে সেই প্রশ্নও।্রআট খেলায় কলাবাগানের পয়েন্ট ২, সূর্যতরুণের ০। সূর্যতরুণ লিগ থেকে সরে যাওয়ায় প্রথম বিভাগ এড়ানোর লড়াইটা আপাতত কলাবাগান আর বিমানের মধ্যে (৯ ম্যাচে ৪ পয়েন্ট)। সূর্যতরুণ লড়াইয়ে থাকলে রেলিগেশন লিগে কলাবাগানকে হয়তো দুই ম্যাচই জিততে হতো। এখন এক ম্যাচ জিতলেই চলবে। ক্রিকেটপাড়ায় গুঞ্জন, সূর্যতরুণের ব্যাপারে কঠোর হয়ে কলাবাগান আসলে নিজেদের পথের কাঁটাই কমাতে চেয়েছে।এ ব্যাপারে জানতে সিসিডিএমের পরশুর সভায় উপস্থিত কলাবাগান প্রতিনিধি রিয়াজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি তাঁকে। তবে সভায় সিসিডিএমের ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকা কলাবাগান ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক নাজমুল করিমের দাবি, সূর্যতরুণ প্রথম বিভাগে নেমে যাওয়ায় উল্টো সমস্যাই হলো কলাবাগানের, ‘খেলা হলে কলাবাগান নিশ্চয়ই জেতার জন্যই খেলবে। ম্যাচ জিতলে ২ পয়েন্ট পেয়ে বিমানের সমান হয়ে যাবে তারা। আর এখন রেলিগেশন লিগে বিমানের বিপক্ষে জীবন-মরণ ম্যাচ খেলতে হবে তাদের। একটা ম্যাচই খেলতে হবে জেতার জন্য।’আবার ম্যাচ হলে যখন সূর্যতরুণ-কলাবাগান দুই দলেরই মঙ্গল ছিল, তাহলে কেন অত কঠিন পথে হাঁটল সিসিডিএম? কলাবাগানই বা কেন বাইলজ মানার চাপ দিল তাদের? এখানেও অকাট্য ব্যাখ্যা আছে সিসিডিএম ভাইস চেয়ারম্যানের, ‘আমরা যদি বাইলজ অমান্য করে সূর্যতরুণকে সুযোগ দিই, ভবিষ্যতে অন্য দলও সুযোগ চাইবে। তা ছাড়া এর আগে বিকেএসপিকেও একবার সময়মতো মাঠে না আসায় তৃতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছিল। আমরা তাদের কী জবাব দেব?’বাইলজের ১২-এর ২ ধারার কথা বলে সূর্যতরুণ দাবি করছে, সিসিডিএম চাইলে সুযোগ দিতে পারত তাদের। কিন্তু সিসিডিএম কর্ণপাত করেনি। এতে অবশ্য মন্দের ভালোও পাওয়া যাচ্ছে একটা। সিসিডিএম যে বাইলজ না ভাঙার পণ করেছে, সেটা জানা থাকল সবার। প্রিমিয়ার লিগ তো প্রতিবছরই হবে...।