সূর্যোদয়ের নতুন তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সালে দেশের মাটিতে নাকাতা, ইনামোতোরা যখন ইতিহাস গড়ছেন, ছেলেটি তখন মহা উত্তেজনায় খেলে দেখছে। তার কিশোর চোখে সেদিন স্বপ্ন এঁকে দিয়েছিলেন জাপানের ফুটবল-নায়কেরা। ষোলো বছরের ছেলেটি সেদিন প্রতিজ্ঞা করেছিল, আমিও একদিন জাতীয় পতাকার হয়ে লড়ব। কী অসাধারণভাবেই না প্রতিজ্ঞা পূরণ করল সেদিনের সেই ছেলেটি। জাপানি পতাকাকে আরও একবার বিশ্বের সামনে তুলে ধরল সেই ছেলেটি, আজকের জাপানের সবচেয়ে বড় তারকা কেইসুকে হোন্ডা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে জাপানকে জেতানোর পথে একটা গোল করলেন, হলেন ম্যান অব দ্য ম্যাচ। ম্যান অব দ্য ম্যাচ হলেন, গোল করলেন পরশু গ্রুপের শেষ ম্যাচেও। কিন্তু এই ম্যাচে হোন্ডার কীর্তি স্রেফ এসব তথ্য দিয়ে বোঝানো যাবে না। নিজে গোল করলেন, আরেক গোল করিয়ে ডেনমার্কের বিপক্ষে জাপানের বড় জয় এনে দিলেন। কিন্তু শুধুই কি আক্রমণ? কোন জায়গায় খেললেন না হোন্ডা! রক্ষণ থেকে আক্রমণ—সব জায়গায় ছুটে বেড়ালেন। জাপানকে দেশের বাইরে প্রথম কোনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তুলে দিলেন হোন্ডা। এতেই জাপানি তারকার আনন্দে ভেসে যাওয়ার কথা। কিন্তু আনন্দে ভাসা তো দূরে থাক, প্রতিক্রিয়া জানানোর বেলাতেও সংযমী হোন্ডা, ‘জাপানের জন্য এটা অবশ্যই বড় একটা জয়। আমি আনন্দিত, কিন্তু তৃপ্ত নই। পরের খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জাপানের লোকজনকে দেখিয়ে দিতে চাই, অসম্ভব বলে কিছু নেই।’কথাটা কি কোনো রাগ থেকে বললেন হোন্ডা? বলতেই পারেন, নিজের দেশের লোকজনের কাছ থেকেই কম সমালোচনা সইতে হয়নি তাঁকে। হোন্ডা জাতীয় দলের হয়ে খেলতে পারেন না—এমন অভিযোগ শোনা গিয়েছিল। কৈশোর পার হতে না হতেই জাপানে পেশাদার লিগ খেলতে শুরু করা হোন্ডার ক্লাব পর্যায়ে সামর্থ্য নিয়ে কখনো প্রশ্ন ছিল না। জে-লিগে তাঁর পারফরম্যান্স দেখে ২০০৮ সালে হোন্ডাকে নিয়ে নিয়েছিল ডাচ ক্লাব ভিভিভি ভেনলো। ওখানে দুই মৌসুমে এমন আলো ছড়ালেন যেন লিভারপুল, এভারটন, আয়াক্স, পিএসভি আইন্দহোভেনের মতো দল পেতে চাইছিল তাঁকে। শেষ পর্যন্ত হোন্ডা দীর্ঘমেয়াদি চুক্তি করলেন সিএসকেএ মস্কোর সঙ্গে। আর শুরুতেই দলকে বুঝিয়ে দিলেন, তাঁকে কেনাটা ভুল হয়নি। ক্লাবের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন চ্যাম্পিয়নস লিগে সেভিয়ার বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে। ৫৫ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকের গোলে দলকে ২-১ ব্যবধানে জিতিয়ে সে রাউন্ড পার করে দিলেন।কিন্তু সেই হোন্ডা জাপানের জার্সি গায়ে যেন ঠিক উজ্জ্বল নন। বিশ্বকাপের আগে ১৪ ম্যাচে ৪টি গোল। তার চেয়েও বড় কথা ক্লাবের হয়ে ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ পর্যন্ত ছুটে চলা, খেলা গড়ে দেওয়া হোন্ডাকে যেন খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থা হলো, দলের খেলোয়াড়েরা তাঁর সমালোচনা শুরু করেছিলেন।মুখে কোনো জবাব দেননি হোন্ডা। সম্ভবত এ রকম জবাব দেওয়ার উপলক্ষ খুঁজছিলেন। এখন আরেকটু এগোনোর পালা। দ্বিতীয় পর্বে প্যারাগুয়ের দেয়ালটা টপকে ফেলতে পারলেই তৈরি হয়ে যায় জাপানের ইতিহাস। আর হোন্ডা তাহলে সত্যিই প্রমাণ করতে পারেন—অসম্ভব বলে কিছু নেই!