সেই অগোছালো জাতীয় লিগই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোল যথারীতি অনেক পেটানো হলো। বাস্তবতা তাতে এতটুকু বদলায়নি। জাতীয় ক্রিকেট লিগ সেই বর্ণহীন চেহারাতেই শুরু হচ্ছে আজ। তবে সুখবর একটা আছে। এবার শুরুতেই স্পনসর পেয়ে গেছে দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেট আসর। জাতীয় ক্রিকেট লিগকে স্পনসর করছে ওয়ালটন রেফ্রিজারেটর।চারটি ভেন্যুতে আজ থেকে শুরু প্রথম পর্বের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজশাহী ও ঢাকা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলবে স্বাগতিক খুলনা ও বরিশাল। সিলেট-রংপুর খেলবে রংপুর ক্রিকেট গার্ডেনে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা মহানগর ও চট্টগ্রাম বিভাগীয় দল।শুরুতে কথা ছিল এবার জাতীয় লিগ হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিতে। নানা প্রতিকূলতায় সে অবস্থান থেকে সরে এসে বিসিবি এখন আগের মতো আট বিভাগীয় দল নিয়েই জাতীয় লিগ করছে। চার দিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগ হবে অঞ্চলভিত্তিক, তবে সেটাও চূড়ান্ত নয়। মাঝখানে পিছিয়ে গেল জাতীয় লিগ, কমে গেল ম্যাচের সংখ্যা। লিগ শুরু হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। ফ্র্যাঞ্চাইজি লিগের সম্ভাবনায় ম্যাচ কমাতে খেলা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।এলোমেলো ভাব জাতীয় লিগের আরও অনেক কিছুতেই আছে। লিগ শুরুর মাত্র দুই দিন আগে পাওয়া গেছে সব দলের চূড়ান্ত খেলোয়াড় তালিকা। আজ থেকে দিন চারেক আগেও অনেক খেলোয়াড় জানতেন না কবে, কোথায় তাঁদের খেলা। আজ খেলা, অথচ ঢাকা মহানগর দল বগুড়ায় পৌঁছেছেই কাল সকালে!ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে প্রায় এক বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ দল। তার আগে দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার অভ্যাস ফিরিয়ে আনতে এবারের জাতীয় লিগটা ছিল খুব গুরুত্বপূর্ণ। জাতীয় দলের খেলোয়াড়দের ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত ছিল আরও বেশি। অথচ এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে মাত্র দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তাঁরা। চ্যাম্পিয়নস লিগ খেলতে দক্ষিণ আফ্রিকায় থাকায় সাকিব আল হাসান থাকছেন না প্রথম রাউন্ডে। জাতীয় লিগের পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন এসেছে এবার। সরাসরি জয়ে আগে ৮ পয়েন্ট ছিল, এবার ৬ পয়েন্ট। ড্র ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দল পাবে ৩ পয়েন্ট, পিছিয়ে থাকা দল ১ পয়েন্ট। ড্র ম্যাচে প্রথম ইনিংসের স্কোর সমান হলে দুই দলই পাবে ৩ পয়েন্ট করে। বোনাস পয়েন্টের হিসাবও আর আগের মতো নেই। ব্যাটিংয়ে এবার কেবল ৩৫০ বা তার বেশি রান করলেই বোনাস পয়েন্ট মিলবে, সেটিও মাত্র ১। বোলিং বোনাস পয়েন্ট মিলবে প্রতিপক্ষকে ১৭৫ বা তার কম রানে অলআউট করতে পারলে। পয়েন্ট এখানেও মাত্র ১। এ ছাড়া ইনিংস ব্যবধানে বা ১০ উইকেটে জিতলে বাড়তি ১ পয়েন্ট পাবে জয়ী দল।প্রথম রাউন্ড শেষে ঈদের বিরতির পর দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে আগামী ২ নভেম্বর।