সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলটা এত বেশি, দুটো বিশ্বকাপের মধ্যে তুলনা না হওয়াটাই হতো অস্বাভাবিক। গতবারও আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো-বাধা টপকে মুখোমুখি হয়েছিল জার্মানির। এই বিশ্বকাপেও একই ছক। মেক্সিকোর পর শেষ আটে আর্জেন্টিনার সামনে জার্মানরাই। পার্থক্যও আছে একটা, এবং সে পাথর্ক্যটাই সম্ভবত দুই দলের মধ্যে গড়ে দেবে ব্যবধান। গতবার কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি স্রেফ দর্শক হয়ে বসে ছিলেন বেঞ্চে। এবার সেই মেসি ম্যারাডোনার আর্জেন্টিনার কান্ডারি!‘মেসি মেসি’ রব জার্মান-শিবিরে উঠেছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর থেকেই। মেসি যে এখন প্রতিপক্ষের বিনিদ্র রজনীর কারণ—এ নিয়ে লুকোছাপা করাটাই বরং বোকামি। এ যেন এক অমোঘ সত্য। মিরোস্লাভ ক্লোসা, লুকাস পোডলস্কি, সামি খেদিরারাও কোনো রাখঢাক না করেই বলছেন, মেসিকে আটকাতে হবে তাঁদের। দরকার হলে মেসি-মারণাস্ত্র নিষ্ক্রিয় করে রাখতে ঝাঁপিয়ে পড়তে হবে সম্মিলিতভাবে।দুই দলের খেলোয়াড়দের ধরে ধরে তুলনা করলে আর্জেন্টিনাই এগিয়ে থাকবে বলে স্বীকার করে নিয়ে ক্লোসা বলেছেন, ‘আপনি যদি নামগুলোর দিকে তাকান, তা হলে কাগজে-কলমে আর্জেন্টিনা অবশ্যই আমাদের চেয়ে ভালো। কিন্তু নাম নয়, মাঠে আপনি কেমন খেললেন, সেটাই আসল।’বায়ার্ন মিউনিখ তারকা ক্লোসার জন্য এই বিশ্বকাপ একের পর এক মাইলফলক ছোঁয়ার। গত ম্যাচেই যেমন করেছেন ক্যারিয়ারে ৫০তম আন্তর্জাতিক গোল। বিশ্বকাপে এক ডজন পূর্ণ করে গোলসংখ্যায় ছুঁয়ে ফেলেছেন পেলেকে। দুটো গোল করলে ছুঁয়ে ফেলবেন জার্ড মুলারের জার্মান রেকর্ড। আর তিন গোল করতে পারলে তো বিশ্বকাপের রেকর্ডটাতেই ভাগ বসাবেন ব্রাজিলের রোনালদোর সঙ্গে।গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সমতা ফেরানো গোলটি করা ক্লোসা এই ম্যাচে মাঠে নামবেন শততম ম্যাচটি খেলতে। ৩২ বছর বয়সী ক্লোসা জানাচ্ছেন, গত বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলটি অনেক পাল্টেছে। পাল্টেছে জার্মানিও। সবচেয়ে বড় কথা, এই জার্মানি তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া ভারসাম্যপূর্ণ একটা দল।জার্মানির তারুণ্যের নেতৃত্ব দিচ্ছেন টমাস মুলার। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড এরই মধ্যে তিনটি গোল করেছেন। বায়ার্নের উঠতি তারকা মুলার জানাচ্ছেন, কোন কৌটার মধ্যে আর্জেন্টিনার প্রাণভোমরা লুকিয়ে রাখা আছে, সেটি ভালো করেই জানা আছে জার্মানির। আর্জেন্টিনার দুর্বলতা যে ক্লোসা-মুলারদেরই ক্লাব-সতীর্থ মার্টিন ডেমিকেলিস। রক্ষণে ডেমিকেলিসের ভুল চোখে বিঁধছে। দক্ষিণ কোরিয়ার পর মেক্সিকো ম্যাচেও ভুল করে বসেছেন এই ডিফেন্ডার।‘আর্জেন্টিনার আক্রমণভাগ বিশ্বমানের হতে পারে, ওদের রক্ষণ কিন্তু ততটা ভালো নয়। আমাদের নিজেদের প্রতি আস্থা রাখতে হবে। চেষ্টা করতে হবে একসঙ্গে। এই দৃঢ়প্রতিজ্ঞাই যেকোনো বাধা টপকাতে আমাদের জন্য হবে বড় সহায়’—বলেছেন মুলার।এখন পর্যন্ত টুর্নামেন্টে দল হিসেবে সবচেয়ে বেশি গোল (১০টি) করেছে আর্জেন্টিনাই। নড়বড়ে রক্ষণ হলেও গোল খেয়েছে মাত্র দুটো। তবুও রক্ষণ নিয়ে ম্যারাডোনার দুশ্চিন্তা আছে। মুখে অস্বীকার করছেন সবাই, তার পরও মেসির গোল না পাওয়াটা দলের জন্য অন্য রকম একটা চাপ হয়েই আছে হয়তো। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শট (২৩) মেসিই নিয়েছেন। এর মধ্যে লক্ষ্যেই শট ছিল ১৩টি। এর একটি শটও গোল হয়ে আসেনি। গোটা চারেক শট লেগেছে ক্রসবার কিংবা পোস্টে। বাকি শটগুলো ঠেকিয়ে দিয়েছে গোলরক্ষক।জার্মানির আশঙ্কা, কোয়ার্টার ফাইনালেই না ফল গড়ে দেওয়া গোলটি করে বসেন মেসি। গত বিশ্বকাপের সেই যন্ত্রণা যে চার বছর ধরে বুকের মধ্যে পুষে রেখেছেন তিনি। রয়টার্স, ওয়েবসাইট।