সেই আথারটন এখন প্রশংসায় ‘ষষ্ঠমুখ’
বছর ছয়েক আগের ঘটনা। মাইক আথারটন হয়তো দিব্যি ভুলে বসে আছেন। নাকি মনে আছে? মনে আছে, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক? বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নিজের সংশয়ের কথাও জানিয়ে দিয়েছিলেন নিজের লেখা কলামে।সেই আথারটনের কলম থেকেই ঝরনাধারায় ঝরল বাংলাদেশের অকুণ্ঠ প্রশংসা। টাইমস-এ মুগ্ধ আথারটন লিখেছেন উদ্বোধনী অনুষ্ঠান আর প্রথম ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনার কথা। লিখেছেন, এই দেশ গরিব হতে পারে; ক্রিকেটের চেতনায় দেশটি অনেক অনেক ধনী!আথারটন লিখেছেন, ‘দেশটি হয়তো দরিদ্র, কিন্তু চেতনায় নয়। শনিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দ্বিতীয় সেরা দল হতে পারে, কিন্তু দেশটির লাখ লাখ মানুষ ক্রিকেটকে হূদয়ে লালন করে এগিয়ে নিয়ে যেতে দৃঢ়সংকল্প।’আথারটনের চোখে বাংলাদেশের সমর্থকেরাই চ্যাম্পিয়ন। আথারটন তাই প্রশ্ন তুলেছেন, এই ক্রিকেট-উন্মাদনার দেশে ঢাকা-চট্টগ্রাম মিলে মাত্র আটটি ম্যাচ যথেষ্ট কিনা।১৯৯৯ বিশ্বকাপে লর্ডসের ম্যাড়মেড়ে উদ্বোধনী অনুষ্ঠান, তখনকার প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নীরস বক্তব্যের স্মৃতি টেনে এনে খোঁচাও দিয়েছেন নিজ দেশকেই। বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানটি তাঁর কাছে ছিল ‘সুস্বাদু’। কেবল ‘বুড়ো রক তারকা’ ব্রায়ান অ্যাডামসকে নিয়ে আসা ঠিক হয়েছে কি না, সেটি নিয়ে তাঁর মনে প্রশ্ন আছে। অবশ্য পরের বাক্যেই তিনি লিখেছেন, এতে করে শাকিরাকে আনতে গিয়ে যে লাখো ডলার খরচা হয়ে যেত, সেটির অন্তত সাশ্রয় হয়েছে!৭৭২৮ টেস্ট রানের মালিক রাজধানীর প্রতিটি ইঞ্চিতে খুঁজে পেয়েছেন ক্রিকেট-উৎ সবের ছোঁয়া। ‘টসের সময় সাকিব যখন কল দিল, সে সময় পুরো গ্যালারি যেভাবে গর্জে উঠেছে, আমার সন্দেহ হয়, ভরা ইডেনও এই গর্জনের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারত কিনা’—লিখেছেন আথারটন।‘উদ্বোধনী এই কটি দিন এই ও দেশের মানুষগুলোর জন্য অসামান্য জাতীয় গৌরব আর নিজেদের বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ এনে দিয়েছে; যারা কিনা বেশির ভাগ সময়ই অবহেলার শিকার। সামনের কয়েক দিন এই উন্মাদনা থিতিয়ে আসবে ঠিকই, কিন্তু ক্রিকেট নিয়ে মানুষের এই প্রাণোচ্ছ্বাসের ছাপ থেকে যাবে। থেকে যাবে বাকি বিশ্বের সংশয়বাদীদের চেহারাতেও’—ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তার সংকটের কালে বাংলাদেশ সুখবর দিচ্ছে বলেই স্বীকার করে নিয়েছেন তিনি।ঢাকায় তাঁর সংক্ষিপ্ত সফরের অভিজ্ঞতা যে স্মরণীয় ছিল, সেটিও লিখেছেন এখনকার দুঁদে ক্রিকেট-লিখিয়ে। কলামের শেষ বাক্য, ‘ইট ওয়াজ গুড টু বি ইন ঢাকা।’