সেই আফ্রিদিই টেস্ট অধিনায়ক
সকালেই টেস্ট ক্যারিয়ারকে বিদায় বললেন, কিন্তু বিকেলেই বললেন টেস্টে ফিরছেন। দিন দুয়েক আগে শহীদ আফ্রিদির এই অবসর-নাটকের পরই বোঝা গিয়েছিল বড় কিছু পাওয়ার সংকেত বুঝেই এই ‘ডিগবাজি’। সেই বড় কিছু কাল পেয়ে গেছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক এখন টেস্ট ও ওয়ানডে দলেরও অধিনায়ক। অর্থাত্ গত চার বছর টেস্ট দলে ব্রাত্য আফ্রিদি ফিরলেন অধিনায়ক হিসেবে। ২০০৯ সাল থেকে পাকিস্তানের চতুর্থ টেস্ট অধিনায়ক তিনি, সব মিলিয়ে ২৭তম।আপাতত অধিনায়ক করা হয়েছে তাঁকে এশিয়া কাপ ও ইংল্যান্ড সফরের জন্য। ইংল্যান্ডে অস্ট্রেলিয়া ও স্বাগতিকদের বিপক্ষে সব মিলিয়ে ছয়টি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে আফ্রিদির অধিনায়ক হওয়াটা কোনো চমক নয়। চমক আছে দুই সফরের জন্য ৩৫ জনের প্রাথমিক দলে। দলে রাখা হয়েছে নিষেধাজ্ঞার খাঁড়ায় বর্তমানে দলের বাইরে থাকা সাবেক দুই অধিনায়ক ইউনুস খান ও শোয়েব মালিক এবং ফাস্ট বোলার শোয়েব আখতারকে। ইউনুস ও মালিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন, যেটির শুনানি আপাতত মুলতবি আছে। তবে গত কিছুদিন থেকেই পিসিবির প্রধান ইজাজ বাট বলে আসছিলেন ক্রিকেটারদের নিষেধাজ্ঞার সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে, দুজনকে দলে রাখার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার। ফর্ম, ফিটনেস হারানো ছাড়াও শোয়েব আখতারের বাদ পড়ায় ভূমিকা রেখেছিল তাঁর উচ্ছৃঙ্খলতাও। তবে ঘরোয়া পেন্টাঙ্গুলার ট্রফিতে ভালো করেছেন একসময় বিশ্বের দ্রুততম বোলার।শোনা যাচ্ছে, এই তিনজনের দলে ফেরার পেছনে ভূমিকা আছে আফ্রিদির। অভিজ্ঞ ক্রিকেটারদের দলে চান নতুন অধিনায়ক। মোহাম্মদ ইউসুফের সঙ্গেও নাকি কথা বলেছেন তিনি, ফিরে আসতে বলেছেন অবসর ভেঙে। এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে জুনের প্রথম সপ্তাহে। ওয়েবসাইট।