সেই ইংল্যান্ডেই যেতে চান ম্যারাডোনা
ইংল্যান্ডের ফুটবলে তাঁকে দেখা যাওয়ার কথা ছিল সেই ১৯৭৮ সালেই। শেফিল্ড ইউনাইটেডের তখনকার ৪ লাখ পাউন্ডের লোভনীয় প্রস্তাবে শেষ পর্যন্ত সাড়া দেননি ডিয়েগো ম্যারাডোনা। ইউরোপের ক্লাব ফুটবলে খেললেও খেলেছেন স্পেন আর ইতালিতে। কিন্তু ইংল্যান্ডের ফুটবলে যাওয়া হয়নি তাঁর। সুযোগ এসেছে। এবার প্রস্তাব দিয়েছেন ম্যারাডোনা নিজেই। অ্যাস্টন ভিলার কোচ হতে চান তিনি।ম্যারাডোনার ইউরোপিয়ান মুখপাত্র ওয়াল্টার সোরিয়ানো জানিয়েছেন, ‘ইংল্যান্ডে চলে আসা আর অ্যাস্টন ভিলার দায়িত্ব নেওয়ার ব্যাপারে ডিয়েগো খুবই আগ্রহী। ইংলিশ ফুটবল তাঁর কাছে সব সময়ই আকর্ষণীয়। এই দেশের জীবনধারা যে রকম, আমি জানি, এখানে আসতে পারলে তাঁর খুবই ভালো লাগবে।’ম্যারাডোনার এই ‘ভালো লাগা’কে অ্যাস্টন ভিলা সম্মান করবে কি না, সেটি এখনো জানা যায়নি। মার্টিন ও’নিলের আকস্মিক পদত্যাগের পর ভিলার কোচের পদটা শূন্যই পড়ে আছে। স্থায়ী কোচ ছাড়াই ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতে ৩-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে দলটি ওয়েস্টহামের বিপক্ষে। তিন মৌসুম ধরে লিগে দারুণ খেলে আসা (তিনবারই ষষ্ঠ হয়েছে) এই দল ম্যারাডোনার মতো প্রেরণাদাতা পেলে দারুণ কিছু করে দেখাবে বলে মনে করেন সোরিয়ানো।কোচ হিসেবে খুচরা কিছু অভিজ্ঞতা থাকলেও আর্জেন্টিনা দলের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শিরোপা এনে দিতে না পারলেও গত বিশ্বকাপে দলকে পঞ্চম বানিয়েছেন। ১৯৯০ বিশ্বকাপের পর যেটি আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য।এমনিতে ম্যারাডোনা নিজেও ইংল্যান্ডে আলোচিত চরিত্র। সেই ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই। ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ আর ‘গোল অব দ্য সেঞ্চুরি’ দুটিই তো ইংল্যান্ড ওই ম্যাচেই দেখেছিল। বছর কয়েক আগে ব্যক্তিগত সফরে ইংল্যান্ডে এসে দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে দেওয়া এই আর্জেন্টাইন কিংবদন্তি এখন লম্বা সময়ের জন্য যেতে চাইছেন ইংল্যান্ডে।সানডে মারকারি পত্রিকাকে সোরিয়ানো জানিয়েছেন, ‘ইংলিশ কান্ট্রিসাইড তাঁর খুবই ভালো লাগে। বিশেষ করে অন্যের ব্যক্তিগত জীবনের গোপনীয়তার ব্যাপারে এখানে শ্রদ্ধাবোধ আছে, আর অ্যাস্টন ভিলার মতো বড় ক্লাবে কাজ করতে পারলে তিনিই খুশিই হবেন। ক্লাব মালিক র্যান্ডি লারনার যদি ভালো প্রস্তাব দেন, আমি নিশ্চিত তাঁর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া আসবে।’অ্যাস্টন ভিলাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার তাগিদও দিয়েছেন তাঁর মুখপাত্র, ‘ইউরোপের বেশ কিছু ক্লাবের সঙ্গে ডিয়েগোর কথাবার্তা চলছে। ইংল্যান্ডেরই আরেকটি ক্লাব তাঁর ব্যাপারে আগ্রহী। ওই প্রস্তাবের ব্যাপারে আমরা গুরুত্বের সঙ্গেই ভাবছি।’আপাতত আপৎকালীন কোচ কেভিন ম্যাকডোনাল্ড ভিলার ভার নিয়েছেন। তবে স্থায়ী কোচ খুঁজছে ক্লাবটি। এই চাকরি পেতে ম্যারাডোনাকে পাল্লা দিতে হবে আয়াক্স কোচ মার্টিন জোল আর যুক্তরাষ্ট্র কোচ বব ব্র্যাডলির সঙ্গে। ওয়েবসাইট।