সেই ইংল্যান্ডেরই কাঁপাকাঁপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার সিডলের (ডানে) আরেকটি আঘাত, এবার উড়িয়ে দিয়েছেন জোনাথন ট্রটের স্ট্যাম্প, ছবি: রয়টার্স
পিটার সিডলের (ডানে) আরেকটি আঘাত, এবার উড়িয়ে দিয়েছেন জোনাথন ট্রটের স্ট্যাম্প, ছবি: রয়টার্স

যত গর্জে তত বর্ষে না। কথাটা অন্যদের জন্য যতটা প্রযোজ্য, তার চেয়ে অনেক বেশি প্রযোজ্য ইংল্যান্ডের জন্য। সেটা ফুটবলই হোক কিংবা ক্রিকেট। ব্রিটিশ মিডিয়া যতবার নিজেদের নিয়ে তর্জন-গর্জন করেছে, এর বেশির ভাগ ক্ষেত্রেই ফল হয়েছে উল্টো। এবার অ্যাশেজে যেমন বলা হচ্ছে, অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লজ্জায় ডোবাবে ইংল্যান্ড। শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলে দেবে। তবে অ্যাশেজের শুরুটা যেভাবে হলো, ইংল্যান্ডের জন্য অবশ্যই তা শুভ লক্ষণ নয়। অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে বলতে গেলে ধুঁকছে ইংল্যান্ড। চা-বিরতি পর্যন্ত পতন ছয়টি উইকেটের, দলীয় সংগ্রহ ১৮৫ রান। জনি বেয়ারস্টো ৩২ ও স্টুয়ার্ট ব্রড ১ রানে অপরাজিত। ইংলিশ ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়ে যাচ্ছেন পিটার সিডল। ইংল্যান্ডের পতন ঘটা ছয় উইকেটের পাঁচটিই তুলে নিয়েছেন অস্ট্রেলীয় এই পেসার। টস-ভাগ্য সহায় ছিল ইংল্যান্ডের, তবে ব্যাটিংয়ের শুরুটা শুভ ছিল না। দলীয় ২৭ রানে সাজঘরে ফেরেন ব্যক্তিগত ১৩ রানে থাকা অ্যালিস্টার কুক। অধিনায়কের বিদায়ের পর ধাক্কা সামলানোর চেষ্টা করেছিলেন জো রুট ও জোনাথন ট্রট। কিন্তু খুব একটা সফল হননি তাঁরা। রুট ফেরেন ৩০ রান করে। ট্রট করেন ৪৮ রান। ইয়ান বেলের সংগ্রহ ২৫ রান।

আকাশ সারা দিনই মুখ ভার করে ছিল। এরই মধ্যে পেস আর সুইংয়ে টেস্টের এক নম্বর দলটাকে কাঁপিয়ে দিলেন সিডল। প্রথম দুই সেশনেই পাঁচ উইকেট ব্যাগে পুরেছেন। ২০১০ সালের সর্বশেষ অ্যাশেজে মেলবোর্নে ৬ উইকেট নিয়েছিলেন। যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন সিডল!