সেই উইকেটেই স্পিন-উৎসব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্লেকেলের উইকেটে না স্পিনারদের জন্য কিচ্ছু নেই! যা কিছু আছে, তা শুধু পেসারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্পিন-ত্রিফলার ভোঁতা হয়ে যাওয়ার আসল কারণ তো এটাই।তা হলে কাল এটা কী হলো? সেই কিউই ব্যাটসম্যানদের তো তুর্কি-নাচন নাচালেন পাকিস্তানি স্পিনাররা! সাঈদ আজমলের ৩০ রানে ৪ উইকেটে বিস্মিত হওয়ার কিছু নেই। সাকিব সেদিন বলছিলেন, এই উইকেটেও আজমল দেখবেন ঠিকই ভয়ংকর হয়ে উঠবেন।কিন্তু শুধু আজমলই তো নন। শহীদ আফ্রিদিও ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নিলেন। আর মোহাম্মদ হাফিজ উইকেট না নিয়েও অসাধারণ! টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ৩.৭৫ রানকে তো তা-ই বলতে হয়।তিন স্পিনারের ১২ ওভারে রান উঠেছে মাত্র ৭৫। যেখানে পাকিস্তানের তিন পেসারের ৮ ওভারে ৮৪। পাকিস্তানের তিন স্পিনারের কেউই বাঁহাতি নন। তুলনাটা তাই ওদের চেয়ে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গেই করা ভালো। ভেট্টোরি প্রথম ওভারে ছক্কা খাওয়ার পরও ৪ ওভারে দিলেন মাত্র ২৩ রান।ঘটনা কী? উইকেট কি ভোল পাল্টে ফেলল নাকি! পাকিস্তানিদের চেয়ে রস টেলরের ভালো বলতে পারার কথা। পাকিস্তানের স্পিনারদের বিশ্বমানের বলে স্বীকৃতি দিচ্ছেন, তবে পাল্লেকেলেতে পরপর দুই ম্যাচে স্পিনারদের দুই রকম ভাগ্য হয়ে যাওয়ার পেছনে ভূমিকা দেখছেন উইকেটেরও। ‘প্রথম ম্যাচে বল স্কিড করছিল। আজকের উইকেট ছিল অনেক শুষ্ক, বলও বেশি ঘুরেছে’—সংবাদ সম্মেলনে বললেন নিউজিল্যান্ড অধিনায়ক।মোহাম্মদ হাফিজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটা টিভিতে দেখেছেন। দেখেছেন বাংলাদেশের স্পিনারদের কেমন অনায়াসে খেলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। তার পরও কাল উইকেট দেখে তাঁর মনে হয়েছে, দ্বিতীয় ইনিংসে বল ভালোই ঘুরবে। টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ নাকি এটাই, ‘এই উইকেটে এটা দ্বিতীয় ম্যাচ। হয়তো এ কারণেই স্পিন ধরেছে।’তবে তাঁর দলের স্পিনারদের সাফল্যে শুধু উইকেটই যে মূল কারণ নয়, সেটি মনে করিয়ে দিতেও ভুললেন না, ‘আমাদের স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের চেয়ে একেবারে আলাদা। ওদের তো শুধু বাঁহাতি স্পিনার। আমাদের কেউই বাঁহাতি নয়। শহীদ আফ্রিদি একেবারেই ভিন্ন ধরনের বোলার। সাঈদ আজমলের দুসরার কথা তো সবারই জানা। ওরা ম্যাচ উইনার বোলার।’সেই প্রমাণ সাঈদ আজমল গত কিছুদিন নিয়মিতই দিয়ে যাচ্ছেন। বল হাতে শহীদ আফ্রিদির ম্যাচ উইনার হয়ে ওঠার সাক্ষী তো টি-টোয়েন্টি বিশ্বকাপও। নিজের ৪-০-১৫-০ নিয়ে অবশ্য হাফিজ খুবই বিনয়ী, ‘আমি দলের জন্য অবদান রাখতে চাই। তা রাখতে পেরে খুব খুশি। আমি উইকেট টেকিং বোলার নই, আমি শুধু রানটা আটকে রাখতে চাই।’ এই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মতো বৈচিত্র্যময় বোলিং আক্রমণ আর কোনো দলের নেই। একজন না পারলে আরেকজন আছে। অধিনায়ক হিসেবে মোহাম্মদ হাফিজ তাই নিজেকে ভাগ্যবান বলেই মানেন, ‘বোলিংটাই আমাদের মূল শক্তি। অনেক বিকল্প আছে হাতে। এই ম্যাচে তো দেখলেনই, তার ওপর মোহাম্মদ সামি ও আবদুল রাজ্জাকের মতো বোলার বাইরে ছিল। সবচেয়ে বড় কথা, প্রত্যেকে চাপের মধ্যে পারফর্ম করতে উদগ্রীব। কারও মধ্যে এমন দেখিনি, এখন অনেক চাপ, তাই বোলিং না করি।’শহীদ আফ্রিদির স্বরূপে ফেরাটাও খুব খুশি করেছে অধিনায়ককে, ‘শহীদ আফ্রিদি যেভাবে ফিরেছে, সেটি ওর আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। দেখবেন, পরের ম্যাচগুলোয় ওর কাছ থেকে আমরা আরও ভালো পারফরম্যান্স পাব।’পরের ম্যাচই তো বাংলাদেশের বিপক্ষে। গত নভেম্বরে ঢাকায় দুই দলের মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে জেতাতে শহীদ আফ্রিদির ভালোই ভূমিকা ছিল। এখানেও তিনি বড় হুমকি। এমন হুমকি অবশ্য পাকিস্তান দলে অনেকেই।দুই ম্যাচে দুই রকম উইকেট অবশ্য বাংলাদেশ দলের জন্য উভয় সংকটের মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো উইকেট হলে বাংলাদেশের স্পিনাররা অকার্যকর হয়ে যান, আবার অন্য রকম হলেও তো বিপদ! পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কালকের মতো উইকেট হলে সাকিবরা হয়তো একটু উৎসাহিত হবেন, কিন্তু আজমল-আফ্রিদি-হাফিজ ত্রয়ীর উৎসাহটা তো আরও বেশি হবে!