বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ শুরু আগামীকাল ভোর ৬টায়। সরাসরি দেখাবে চ্যানেল আই
সেই উরুগুয়ে অন্য আর্জেন্টিনা
সেই ম্যাচের আগে ডিয়েগো ম্যারাডোনার মুখ থেকে বেরিয়েছিল আলোচিত সেই উক্তি, ‘দাড়িওয়ালা ভদ্রলোকের সঙ্গে আমার কথা হয়েছে। এই ম্যাচে তিনিই আমাদের বাঁচাবেন।’‘দাড়িওয়ালা ভদ্রলোক’ মানে যিশু। এবং এই বক্তব্যকে ম্যারাডোনার পাগুলে সংলাপ ভেবে বসা লোকেরা অবাক-বিস্ময়ে আবিষ্কার করলেন, প্রচণ্ড বর্ষণের মধ্যে, টিভি ক্যামেরা যখন কিছুই ঠিকমতো দেখাতে পারছে না, বক্সের জটলার ভিড়ে কীভাবে কীভাবে যেন গোল করে বসলেন মারিও বোলাত্তি! উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে প্লে-অফের অনিশ্চয়তার খাঁড়া থেকে বাঁচল আর্জেন্টিনা। বাঁচলেন ডিয়েগো ম্যারাডোনা। বাঁচালেন যিশু!এর পর উরুগুয়ের সঙ্গে আবারও খেলেছে আর্জেন্টিনা। গত কোপা আমেরিকার ফাইনালেই আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা নিয়ে গেল অস্কার তাবারেজের দল। তবে তিন বছর আগের অক্টোবরকে এই অক্টোবর মিলিয়ে দিচ্ছে একটা জায়গাতেই, আজ আবার বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি আর্জেন্টিনা-উরুগুয়ে।সেই আর্জেন্টিনা আর এই আর্জেন্টিনার মধ্যে পার্থক্য আছে। সেই আর্জেন্টিনা ছিল উত্তাল সাগরে দিশাহীন নৌকা। মাঝ দরিয়ায় সেই জাহাজ ছেড়ে চলে গিয়েছিলেন আলফিও বাসিলে। জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল ম্যারাডোনার, কোচ হিসেবে। ঝড়ে টলতে টলতেই শেষ পর্যন্ত বাছাইপর্ব পেরিয়েছিল আর্জেন্টিনা।সেই তুলনায় এই আর্জেন্টিনা অনেক সুস্থির। যদিও বাছাইপর্বের সাত ম্যাচের তিনটিতে পয়েন্ট হারিয়েছে আলেসান্দ্রে সাবেলার দল। এর মধ্যে কখনোই বিশ্বকাপ খেলতে না-পারা ভেনেজুয়েলার সঙ্গে হার; বলিভিয়ার সঙ্গে ড্র, সেটাও লা পাজ নয়, নিজেদের মাঠে; পেরুর লিমায় গিয়ে ড্র। তার পরও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা। মাত্র ১ পয়েন্টের দূরত্বে আছে কলম্বিয়া আর ইকুয়েডর (দুই দলেরই পয়েন্ট ১৩)। খুব বেশি দূরত্বে নেই উরুগুয়ে আর চিলিও (দুই দলেরই ১২)। এমনকি ১১ পয়েন্ট নিয়ে দৌড়ে আছে হুগো চাভেজের ভেনেজুয়েলাও।পাঁচ দিনের মধ্যে বাছাইপর্বের দুটি ম্যাচ। পরের ম্যাচটা চিলির সঙ্গে। এর পরই মাস পাঁচের শীতঘুমে যাবে কনমেবল অঞ্চলের বাছাইপর্ব। তার আগে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান সংহত করার সুযোগ আর্জেন্টিনার। সাবেলা একটা সুখবর পেয়েছেন। সার্জিও আগুয়েরো ফিরে এসেছেন। উরুগুয়েকেও তারা পেয়েছে মওকামতো। গত দুই ম্যাচে তাবারেজের দল পেয়েছে মাত্র একটি পয়েন্ট। জাতীয় দলের হয়ে গত সাত ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ১০ গোল করা লিওনেল মেসি বার্সেলোনার হয়ে গত এল ক্লাসিকোতে জোড়া গোল করে নিজেকে শাণিয়ে রেখেছেন। জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করাই শুধু নয়, ইদানীং মেসির খেলায় দেখা যাচ্ছে আরেকটি পরিবর্তন। ডেড বল পরিস্থিতিতে মেসি হয়ে উঠেছেন ভয়ংকর। একের পর এক দুর্দান্ত ফ্রি-কিক চোখ ধাঁধিয়ে দিচ্ছে সবার।এই দুই পক্ষের লড়াইও একটা ‘এল ক্লাসিকো’। আর্জেন্টিনা অবশ্য ভালো করেই জানে, তাদের পেলে কীভাবে গা-ঝাড়া দিয়ে ওঠে উরুগুয়ে। সতীর্থদের সেই কথাই স্মরণ করিয়ে দিয়ে হাভিয়ের মাচেরানো বলছেন, ‘এই ম্যাচ আমাদের ভাবনার চেয়েও অনেক কঠিন হবে।’ এএফপি, রয়টার্স।