সেই উৎসবের অপেক্ষায় তোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর বয়সী এক বালক টিভির দিকে উন্মুখ তাকিয়ে। চোখজোড়ায় ব্যাকুলতা, আবেগ ও উদ্বেগ। ব্যাকুলতা শেষের বাঁশি শোনার জন্য, আবেগ দলের জন্য এবং উদ্বেগ—খেলাটা টাইব্রেকারে গড়িয়েছে বলে। টাইব্রেকার বলে টাইব্রেকার! নির্ধারিত সময়ে গোলশূন্য শেষ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত নিষ্পত্তি হলো ১২ শটের টাইব্রেকারে! আর তাতে দুটো শট ঠেকিয়ে নায়ক হয়ে গেলেন গোলরক্ষক অ্যালাইন গুয়ামেনে। আট বছরের সেই বালক সারা দিন কাটাল আনন্দ-উৎসব করে। আইভরি কোস্টের কাছে আফ্রিকান নেশনস কাপের শিরোপাই তখন বিশ্বকাপ জেতার আনন্দের সমান। সেবারই যে প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতল পশ্চিম আফ্রিকার এই দেশ।সেদিনের সেই বালকটির বয়স এখন ২৮, মাঝখানে পেরিয়ে গেছে ২০টি বছর আর নয়টি টুর্নামেন্ট। কিন্তু আফ্রিকান নেশনস কাপ আর জেতেনি আইভরি কোস্ট। ইয়া তোরের মনে তাই এখনো গেঁথে আছে সেদিনের সেই ছবি। শিরোপাজয়ের আনন্দ কী বিশাল, তা সেই শৈশবেই বুঝে গেছেন। বুঝে গেছেন, দেশের মানুষের কাছে মহানায়কের মর্যাদা এনে দেওয়ার এটাই সেরা উপলক্ষ, যেমন মহানায়ক হয়ে গিয়েছিলেন গোলক্ষক গুয়ামেনে।‘১৯৯২ সালের কথা আমার দিব্যি মনে আছে। এটা ছিল অবিশ্বাস্য। ওই দলটা ছিল দুর্দান্ত, ম্যাচটাই ছিল উত্তেজনার। পেনাল্টিতে জেতা ম্যাচের হিরো ছিলেন গুয়ামেনে। আমার বয়স ছিল মাত্র আট। কিন্তু এখনো ভালোভাবেই সবকিছু মনে আছে। পুরো দেশ চার দিন ধরে আনন্দ-উৎসব করেছিল। আমি তাই জানি, আমরা যদি আবার জিততে পারি, সেটা হবে বিশেষ কিছু’—বলেছেন বার্সেলোনা থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো তোরে।দেশকে এবারও উৎসবে ভাসাতে চান। কিন্তু এত ভালো, এত তারকা নিয়েও কেন জানি আইভরি কোস্ট পারে না। তোরেও বোঝেন। তবে এই বৃত্ত থেকে বেরিয়ে আসার একটা পথও দেখেন এই মিডফিল্ডার, ‘আমাদের সব সময় দুর্দান্ত দল ছিল। গত চার বছরে আমাদের দলটাই সম্ভবত ছিল সবার সেরা, তার পরও আমরা পারিনি। আমাদের আসলে মিসরের কাছ থেকে দেখে শেখা উচিত। ওরা বড় দল নয়, বড় তারকাও নেই। কিন্তু ওরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। আমাদের তা-ই করতে হবে।’ ওয়েবসাইট।