সেই এভারটনের নীরব বিদায়
বেশ সাড়া জাগিয়েই বাংলাদেশের ক্লাব ফুটবলে এসেছিলেন। কিন্তু বিদায়টা হলো ঠিক উল্টো। শুরুর মতো শেষটা হলো না। হলো না বলেই এভারটন ডি সুজা বাংলাদেশ ছাড়লেন একেবারেই নীরবে। গত মৌসুমে ব্রাদার্সের ট্রায়াল দিতে এসে টিকে যান। ব্রাজিলিয়ান ছন্দ দেখা যায় ২৭ বছর বয়সী প্লে-মেকারের পায়ে। শুরুর দিকে কয়েকটা ম্যাচে ব্রাদার্সকে জিতিয়েও আনেন। তারপর এ মৌসুমে বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন শেখ জামাল তাঁকে দলে নেয়। জামালের সাতজন বিদেশির মধ্যে সবচেয়ে বেশি মাসে সাড়ে চার হাজার ডলার বেতন ছিল তাঁর। কিন্তু সেই তরুণ এরপর হারিয়ে গেলেন। প্রথম দিকে দু-একটা ম্যাচ তাঁকে খেলানো হলেও আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলেন কোচ। একটা সময় বেঞ্চই হয় ব্রাজিলিয়ানের ঠিকানা! তত দিনে এভারটনের চুলে ওঠে নেইমার কাট। খেলার চেয়ে খেলার বাইরে ঘুরে বেড়ানোই তাঁর মূল কাজ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের দু-একজন মডেল ও টিভি অভিনেত্রীর সঙ্গে ঘোরাফেরার কথা শোনা যায়। এরই মধ্যে কোচ ছাঁটাই করে শেখ জামাল। ওই ছাঁটাইয়ের অন্যতম কারণ এভারটনকে না খেলানো। নতুন কোচ এসে সুযোগ দিলেও এভারটন নিষপ্রভই থাকেন। শেষমেশ একজন বিদেশি রেখে বাকি সবাইকে বিদায় দিয়েছে শেখ জামাল। তার মধ্যে একটি নাম এভারটন।একজন ব্রাজিলিয়ানের এমন বিদায়ে শেখ জামাল অধিনায়ক আমিনুল বিস্মিত, ‘আমরা ওকে আশা করে দলে নিয়েছিলাম। কিন্তু ওর উগ্র চলাফেরাই সর্বনাশ করল। অনুশীলনে ফাঁকি দিত। সারা রাত ল্যাপটপ নিয়ে বসে থাকত। মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করত। এতে আমাদের দলকে ভুগতে হয়েছে। এটা খুবই দুঃখজনক।’বাংলাদেশে ভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে না অনেক বিদেশি ফুটবলারই। অনেকের খেলায় মন থাকে না। এভারটনেরও সেই অবস্থা হয়েছে। সতীর্থ খেলোয়াড়দের কাছ থেকে বিদায় পর্যন্ত নেননি। টাকাপয়সা দিয়ে দেওয়ার পর ক্লাব ছেড়ে যান। পরে তিন-চার দিন ঢাকায় অন্যত্র থাকেন। এরপর নীরবে ঢাকা ছাড়েন। অথচ এভারটন ইতালির নামী ক্লাব ফিওরেন্টিনায় ট্রায়াল দিয়েছেন। অনেক বড় ক্লাবে তাঁর বন্ধুরা খেলেন। কিন্তু বাংলাদেশে এসেও এভারটন টিকতে পারলেন না অপেশাদারি মনোভাবের কারণে। ফিটনেস অনুশীলন করেননি বলে গত ফেডারেশন কাপে কোচ তাঁকে খেলানইনি। একজন ব্রাজিলিয়ান ফুটবলারের কাছে এটা তো অকল্পনীয়। শেখ জামালের বিদায়ী কোচ সাইফুল বারীও অবাক, ‘ও স্কিলফুল খেলোয়াড় ছিল। ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে চাইত। টিম গেমটা সেভাবে খেলত না। সমস্যা হয়েছে, এভারটনের খেলার প্রতি কোনো মনোযোগই ছিল না।’খেলোয়াড় আসবে-যাবে এটাই স্বাভাবিক। কিন্তু একজন ব্রাজিলিয়ানের এমন বিদায় অপ্রত্যাশিতই।