সেই এরিকসন আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সভেন গোরান এরিকসন! ২০০৬ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের এই কোচ ছিলেন সংবাদমাধ্যমের বড় খবর। ইংলিশ ফুটবলের ‘ধর্মেও ছিলেন, জিরাফেও ছিলেন।’ অথচ তিনি একেবারে ‘নাই’ হয়ে ছিলেন এত দিন। কিন্তু আরেকটি বিশ্বকাপের মাত্র আড়াই মাস আগে তাঁকে সংবাদমাধ্যমে ফিরিয়ে আনল আইভরিকোস্ট। শুধু সংবাদমাধ্যমেই কেন? ফিরিয়ে আনল বিশ্ব ফুটবল মঞ্চেই। ইংল্যান্ডের সাবেক এই সুইড কোচই দিদিয়ের দ্রগবাদের নিয়ে যাবেন বিশ্বকাপে। গত রোববার আইভরিয়ান ফুটবল ফেডারেশন (ফিফ) নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তাঁকে।সেই ফেব্রুয়ারি থেকেই কোচশূন্য আইভরিকোস্ট। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ শুরুর বাকি মাত্র ৭১ দিন। এখন কোচ না হলে চলে? ডাচ কোচ গাস হিডিঙ্কের জন্য অনেক দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়ে শেষে মরিয়া হয়েই এরিকসনকে পায় আইভরিকোস্ট। সেই ফেব্রুয়ারি থেকে হাত-পা গুটিয়ে বসেছিলেন ৬২ বছর বয়সী এই কোচও। ইংল্যান্ডের চতুর্থ বিভাগের দল নটস কাউন্টির পরিচালক হিসেবে কাজ করছিলেন সর্বশেষ। কিন্তু ক্লাবের মালিকানা বদল হওয়ায় চাকরিটা ছেড়ে দেন। আগের ১০ মাস কাটে মেক্সিকোর জাতীয় দলের দায়িত্ব নিয়ে। সে ছিল এক ঝোড়ো সময়। তবে ২০০৬ বিশ্বকাপের সময় থেকে ইংল্যান্ডে যেমন কাটিয়েছেন, তার মতো নয়। একজন কোচের চেয়ার কতটা তপ্ত হতে পারে তখনই তিনি তা বুঝেছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ তো ছিলই। সঙ্গে ছিল এরিকসনের ব্যক্তিগত সহকারী ফারিয়া আলমের সঙ্গে তাঁর যৌন কেলেঙ্কারি। পদত্যাগের দাবি ওঠে তাঁর। শেষ পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব ছেড়ে দেন ২০০৬ বিশ্বকাপের পর। পরপরই দায়িত্ব নেন ম্যানচেস্টার সিটির। এক বছরের বেশি কাটেনি ওখানেও। নিজের দেশ সুইডেন, পর্তুগাল এবং ইতালির ক্লাব পর্যায়ে দারুণ সফল এরিকসন ২০০১ সালে প্রথম বিদেশি কোচ হয়ে আসেন ইংল্যান্ড দলে। ঐতিহাসিক ব্যাপার। প্রথম বড় টুর্নামেন্টে তিনি খারাপ করেননি, ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে। তার পর তিনি ‘কোয়ার্টার ফাইনালের কোচ’। ২০০৪ ইউরোতে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারেনি, ২০০৬ বিশ্বকাপও শেষ আটে শেষ। কিন্তু এবারও যে বিশ্বকাপে যাবেন, এটি নিজেই ভাবতে পারেননি। গত সপ্তাহে যোগাযোগের সূত্রেই হাতে উঠে গেল আরেকটি বিশ্বকাপ দলের ‘গুরুদায়িত্ব’। আসলেই গুরুদায়িত্ব। আইভরিকোস্ট পড়েছে সবচেয়ে কঠিন গ্রুপ ‘জি’তে। উত্তর কোরিয়া যেমন-তেমন, গ্রুপের অন্য দুটি দল যে ব্রাজিল ও পর্তুগাল। গত বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের গ্রুপে পড়ে দ্বিতীয় পর্বে যেতে না পারা আইভরিকোস্টকে এবার কতদূর নেবেন এরিকসন? ২০০৬ বিশ্বকাপের ঘাতক পর্তুগাল এবারও তাঁর সামনে। এসব নিয়ে পরে তাঁকে বলতে হবে অজস্রবার। আপাতত বিশ্বকাপে যাওয়ার আনন্দেই তিনি বুুঁদ, ‘বিশ্বকাপ বিশ্বের সেরা ক্রীড়াযজ্ঞ, এক মাসব্যাপী মহান এক ফুটবল উৎসব। কোচ অথবা খেলোয়াড় হিসেবে এটির অংশ হতে পারা আসলেই দারুণ।’ এএফপি।