সেই ওভাল, সেই আগস্ট। চার বছর আগে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন মাঠগুলোর একটি সাক্ষী হয়েছিল টেস্ট ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটির। ম্যাচের ফলাফলে প্রথমবারের মতো লেখা হয়েছিল, ‘প্রতিপক্ষ খেলতে রাজি না হওয়ায় জয়ী’। বল টেম্পারিংয়ের অভিযোগে আম্পায়ার পাকিস্তানকে ৫ রান জরিমানা করায় খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। পরে খেলতে রাজি হলেও আগেই ম্যাচ চালাতে রাজি হননি আম্পায়াররা। কম নাটক হয়নি ফলাফল নিয়েও। অনেকবার বদল হওয়ার পর শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয়টাই থেকে গেছে।ম্যাচের যা চেহারা ছিল, তাতে জয়ের সম্ভাবনা বেশি ছিল পাকিস্তানেরই। চার বছর আগের সেই ‘বঞ্চনা’ সমস্যা জর্জরিত পাকিস্তানের জন্য হতে পারে প্রেরণা। পাকিস্তানের জন্য প্রেরণার উৎস আছে আরও একটি। এই টেস্ট দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ ইউসুফ। অবশ্য যদি আজ সকালে আবার অবসর নিয়ে ফেলেন, তা হলে ভিন্ন কথা! আবার অবসর নেওয়ার কথা শুনে চমকে ওঠার কারণ নেই, এ ধরনের কিছু শোনা যায়নি। তবে অবসর নিয়ে মোহাম্মদ ইউসুফ ক্যারিয়ারে যত নাটক করেছেন, এই রসিকতা করাই যায়।পাকিস্তানের ব্যাটিংয়ের ভয়াবহ অবস্থা দেখে সাবেক হয়ে যাওয়া ইউসুফকে ‘এসওএস’ পাঠিয়ে ইংল্যান্ড উড়িয়ে নেওয়া হয়েছে। ভিসা জটিলতায় যেতে দেরি না হলে খেলতেন এজবাস্টনেই। গত মার্চে বোর্ডের ওপর অভিমানে ক্রিকেটকে বিদায় জানানোর পর ব্যাট খুব একটা হাতে নেননি। নিজ শহর লাহোরে ক্লাব ক্রিকেটে কয়েকটা ম্যাচ খেলেছেন শুধু। কিন্তু ব্যাটে যে মরচে ধরেনি, প্রমাণ দিয়েছেন উস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেই। বৃষ্টির বাধায় ৫৪ বলে ৮ চারে খেলা ৪০ রানের ইনিংসটা বড় হতে পারেনি। তবে ৫৩ মিনিটের ওই ইনিংসেই বুঝিয়ে দিয়েছেন ক্রিকেটের ব্যাটের ধার কমেনি। ওভাল প্রেরণা ইউসুফের জন্যও, বিতর্কিত সেই ওভাল টেস্টে তিনি করেছিলেন ১২৮।ইউসুফ নিজে অবশ্য বলেছেন, ফিটনেসটা এখনো পুরোপুরি টেস্ট উপযোগী নয়। তবে এসব নিয়ে ভাবার কোনো উপায় নেই পাকিস্তানের। ব্যাটসম্যানদের জন্য এই সফরে লজ্জা তো কম পেতে হয়নি, অন্তত ন্যূনতম মানসম্মান নিয়ে দেশে ফেরার জন্য হলেও ইউসুফকে না নামানোর কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। অবশ্য ইউসুফ একা কী করতে পারবেন, সে প্রশ্ন থাকছেই। দলে ফিরতে উন্মুখ হয়ে আছেন আরেক সাবেক অধিনায়ক ইউনুস খান। তাঁকেও খুব শিগগির দলে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।ইউসুফ ফেরায় আজ বাইরে থাকতে হবে আজহার আলী বা উমর আমিনের কোনো একজনকে। যদি ইয়াসির হামিদকেও আড়াই বছর পর টেস্ট খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে বাদ যাবেন আজহার-আমিনের দুজনই। উইকেটের পেছনে আবার দেখা যাবে কামরান আকমলকে। বল দিয়ে ‘ঢিল’ ছোড়ার জন্য স্টুয়ার্ট ব্রড তো স্রেফ জরিমানা দিয়েই বেঁচে গেছেন, কিন্তু সেই ঢিলে আঙুল ভেঙে জুলকারনাইন হায়দারকে ফিরতে হচ্ছে দেশে। গত টেস্টে অভিষেকেই উইকেটের সামনে-পেছনে নজর কেড়েছিলেন ২৪ বছর বয়সী উইকেটকিপার।ইংল্যান্ড দলে পরিবর্তন নেই একটিও। রান-খরায় থাকা অ্যালিস্টার কুককে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছিল, তবে নির্বাচকেরা আস্থা হারাননি এই ওপেনারের ওপর। ওয়েবসাইট।