সেই কলিন্স এখন...
একদিন ঘুম ভেঙে কোনো জাদুকর যদি আবিষ্কার করেন যে ভুলে গেছেন সব মন্ত্র কিংবা কোনো শিল্পী যদি বুঝতে পারেন যে ভুলে গেছেন ছবি আঁকা! সেই শিল্পী বা জাদুকরের যতটা অসহায় লাগার কথা, তার চেয়ে বেশি অসহায় যেন কলিন্স ওবুইয়া।সময় সব কষ্টকেই হালকা করে দেয়। হয়তো দিয়েছে তাঁরও। কিন্তু আজকের দিনটায় হয়তো আবার মাথাচাড়া দেবে কলিন্সের কষ্টগুলো। সেই বিশ্বকাপ, সেই শ্রীলঙ্কা...কিন্তু তিনি যে ভুলে গেছেন লেগ স্পিনের জাদু!২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছিল কেনিয়া। লক্ষ্য ছিল মাত্র ২১১, কিন্তু ২৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে ধসিয়ে দিলেন সদ্য বিশ পেরোনো এক তরুণ লেগ স্পিনার। রাতারাতি হয়ে গেলেন নায়ক। শুধু ওই ম্যাচই বা কেন, ১৩ উইকেট নিয়ে ওই বিশ্বকাপেরই অন্যতম নায়ক হয়ে গিয়েছিলেন কলিন্স। ছাপিয়ে গিয়েছিলেন তুলনায় বিখ্যাত দুই বড় ভাই কেনেডি ও ডেভিডকে। তাঁর মাঝে অমিত সম্ভাবনাময় এক লেগ স্পিনারের ছায়া দেখছিলেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপে পারফরম্যান্স দেখে তাঁকে দলে টেনে নিল কাউন্টি দল ওয়ারউইকশায়ার। সব মিলিয়ে রাতারাতি বদলে গেল কলিন্সের দুনিয়া।কিন্তু ছন্দপতন হতেও সময় লাগল না। কাউন্টি মৌসুমটা বাজে কাটল। অ্যাপেন্ডিসাইটিজের কারণে খেলতে পারলেন না ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফি। মূল ঝামেলাটা হলো এরপরই। নানা দাবি-দওয়ায় ধর্মঘট করে দেশ ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। আন্তর্জাতিক ক্রিকেট নেই, ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি খেলা হলো না। ৩ বছর পর যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন, কলিন্স অবাক হয়ে দেখলেন লেগ স্পিনটা ভুলে গেছেন!ভুলে যাওয়া মানে একেবারেই ভুলে যাওয়া নয়। পারেন, তবে তা না পারার মতোই। বিরতির আগে ২৫ ম্যাচে যাঁর ছিল ২৮টি উইকেট, ফেরার পর ৬০ ম্যাচে তাঁর উইকেট ৪টি! এই ৬০ ম্যাচে পুরো ১০ ওভার বোলিংই করেছেন মাত্র একবার। নিজেকে খুঁজে পেতে গিয়েছিলেন শেন ওয়ার্নের গুরু টেরি জেনারের কাছে। কিন্তু তাতেও লাভ কিছু হয়নি। ভগ্নহূদয় নিয়ে ব্যাটিং অনুশীলন করে গেছেন কলিন্স, এতটাই যে এখন জাতীয় দলে খেলছেন ব্যাটসম্যান হিসেবেই। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ১ ওভার বোলিং করেছিলেন, সেটা ছিল আন্তর্জাতিক ম্যাচে প্রায় দুই বছর পর বল হাতে নেওয়া!আবার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কান পাতলেই তাই শোনা যাচ্ছে লেগ স্পিনার কলিন্সের জন্য হাহাকার। অধিনায়ক জিমি কামান্ডে জানালেন, লেগ স্পিনার কলিন্সকে ফেরানোর সব রকম চেষ্টাই চলছে। কিন্তু লাভ কিছু হচ্ছে না। আজও তাঁর হাতে বল তুলে দেওয়ার সম্ভাবনা কম। লেগ স্পিনার কলিন্সের এলিজি তাই লিখেই ফেলা যায়।লেগ স্পিনার কলিন্সের ভূত কী পারবে ব্যাটসম্যান হয়ে আবারও শ্রীলঙ্কাকে তাড়া করতে?