সেই কাঞ্চন এখনো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের অপরিহার্য স্ট্রাইকার ছিলেন। কিন্তু একটা সময় হারিয়ে যান। আবার ফিরে এসেছেন রোকনুজ্জামান কাঞ্চন। এ মৌসুমে ভালোই খেলছেন মুক্তিযোদ্ধার জার্সিতে।কাঞ্চন নামটা শুনে এখনো অনেকে সবিস্ময়ে বলেন, ‘বুড়ো কাঞ্চন!’ তিনি যে এখনো খেলেন এটা অনেকের জানাই নেই। কিন্তু কাঞ্চন খেলছেন। বহুরূপে তাঁকে ব্যবহার করেন কোচ শফিকুল ইসলাম। কখনো রক্ষণেও খেলান। এখন মূলত লেফট উইঙ্গার। কাল একটা গোলও পেলেন, মৌসুমে দ্বিতীয়। সেটিও ব্রাজিলিয়ান স্ট্রাইকার টাইসনের ক্রসে কোনাকুনি এক দর্শনীয় হেডে। ২০০০ সালের পর একটা সময় মনি-কাঞ্চন স্ট্রাইকিং জুটি বেশ আলোচনায় ছিল জাতীয় ও ঘরোয়া ফুটবলে। মনি ফুটবল ছেড়েছেন বেশ কয়েক বছর আগে। কাঞ্চন টুকটুক করে চালিয়ে যাচ্ছেন। কাল আরামবাগের বিপক্ষে মুক্তিযোদ্ধার ৩-০ জয়ের পর কাঞ্চন বলছিলেন, ‘ঘরোয়া ফুটবল তো খেলছি। জাতীয় দল যদি আমাকে আবার চায়, অবশ্যই তৈরি আছি।’কাঞ্চনের গোল পাওয়ার ম্যাচে নাইজেরিয়ান ডার্লিংটন করেছেন দুই গোল। প্রথমার্ধের শেষ দিকে কোনাকুনি শটে প্রথমটি। ৭১ মিনিটে ইউসুফের নিচু ক্রসে গড়ানো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। ৫৫ মিনিটে গোল করেছেন কাঞ্চন। গোল পেতে মুক্তিযোদ্ধাকে বেগ পেতে হয়নি এদিন। কারণ, ১৪ মিনিটে ১০ জনের দল হয়ে যায় আরামবাগ। মুক্তিযোদ্ধার ডিফেন্ডার জহিরুলকে বল ছাড়াই অহেতুক লাথি মেরে লাল কার্ড দেখেন কেস্টার আকন। আরামবাগ সিদ্ধান্ত মানতে না পারায় খেলা বন্ধ ছিল মিনিট দশেক।স্বাধীনতা কাপের ‘সি’ গ্রুপে এটি মুক্তিযোদ্ধার প্রথম জয়। আরামবাগের প্রথম হার।