যেখানে শেষ হয়েছিল, সেখানেই শুরু। ২০০৬ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ টেস্ট খেলেছিল ভারত। আজ সেখানেই শুরু হচ্ছে তিন টেস্ট সিরিজের প্রথমটি। ভারতের ক্যারিবীয় অভিযানের নতুন যুগেরও কি শুরু?১৯৫৩ সালে প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফর করা ভারতের ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এটি দশম সফর। আগের নয়বারে ৪২ টেস্টের মাত্র ৪টিতে জয়। ১৯৭৬ সালের পর ২৩ টেস্টে মাত্র দুটি। তবে এ সময় ভারত সিরিজও জিতেছে একটি। ২০০৬ সালের সফরে তিনটি টেস্ট ড্র করার পর কিংস্টনে ৪৯ রানে জিতেছিল রাহুল দ্রাবিড়ের দল। ৩৫ বছর পর টেস্ট সিরিজে দ্বিতীয় জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। গত সফরের সাফল্যের স্মৃতিমাখা সেই কিংস্টনেই শুরু করছেন মহেন্দ্র সিং ধোনি।একে তো ওয়েস্ট ইন্ডিজের সুদিনের সূর্য সেই কবেই অস্ত গেছে, তার ওপর এই দলটাও তুলনামূলক অনভিজ্ঞ। অধিনায়ক ড্যারেন স্যামি নিজে খেলেছেন মাত্র ১৩টি টেস্ট। সহ-অধিনায়ক ব্রেন্ডন ন্যাশ ২০টি। বাফ, বারাথ, বিশু, ব্রাভো—চার ‘ব’ মিলে খেলেছেন ২১টি টেস্ট। রোচ-রামপল—দুই ‘র’ ১৯টি। অভিজ্ঞতার ঘাটতি ঢাকতে দলে আছেন ১৩০ টেস্ট খেলা শিবনারায়ণ চন্দরপল। অভিজ্ঞতমদের মধ্যে এর পরই আছেন আরেক গায়ানিজ রামনরেশ সারওয়ান (৮৫টি)। গেইলকে তো শেষ পর্যন্ত রাখাই হলো না।টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দলটিও কিন্তু বিশ্বকাপ ও এর পরপরই আইপিএলের টানা খেলার ধকল সামলাতে গিয়ে দেশে রেখে এসেছে তিন অভিজ্ঞ ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীরকে। এর মধ্যে আজ মুনাফ প্যাটেল আর মুরালি বিজয়ের খেলা নিয়ে সংশয় আছে। ফলে সুযোগ পেয়ে যেতে পারেন তামিলনাড়ুর বাঁহাতি ওপেনার অভিনব মুকুন্দ। বিজয় খেলতে না পারলে শেষ পর্যন্ত ওপেনারের ভূমিকায় নেমে যেতে পারেন পার্থিব প্যাটেল। ৫৯ ওয়ানডে খেলা বিরাট কোহলিরও টেস্ট অভিষেকের অপেক্ষা শেষ হতে পারে আজ। অপেক্ষার অবসান হতে পারে ৫২ ওয়ানডে খেলা প্রাভিন কুমারেরও।ওয়ানডে সিরিজে বিশ্রাম নিয়ে টেস্ট দলের দায়িত্ব নিতে ফিরে আসা ধোনি অবশ্য ব্যাটসম্যান নয়; বেশি দুশ্চিন্তা করছেন পেসারদের নিয়েই। বদলি পেসার হিসেবে দলে আসা অভিমন্যু মিঠুন ভিসা জটিলতায় এখনো জ্যামাইকায় পৌঁছাননি। প্রাভিনের অভিষেকটা তাই একরকম নিশ্চিতই মনে হচ্ছে।ধোনির পেসারদের নিয়ে ভাবার কারণও আছে। ওয়ানডেতে স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় ফেলে দিতে পারলেও টেস্টে পেসারদের গুরুত্বই থাকবে বেশি। স্যাবাইনা পার্কের উইকেট পেসবান্ধব হতে চলেছে বলেই ধোনির অনুমান। সেটি বোঝা যাচ্ছে ফিদেল এডওয়ার্ডসের কথাবার্তায়ও। দুই বছর পর দলে ফেরা এই ফাস্ট বোলার অন্তহীন বাউন্সারের মুখোমুখি হওয়ার জন্য ভারতীয়দের প্রস্তুত থাকতে বলেছেন। ওয়েস্ট ইন্ডিজ নামছে চার পেসার নিয়েই। ওয়েবসাইট।