সেই কিমই ব্রাত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিং মিয়ং-গুক, নাম সং-চল, পাক চল-জিন, কিম ইয়ং-হুন, পাক নাম-চল ও মুন ইন-গুক। নামগুলো কেমন অচেনা অচেনা লাগছে, তাই না? উত্তর কোরিয়ার শীর্ষ ফুটবলার এঁরা। এই অচেনা নামগুলোকে নিয়েই ১৯৬৬ সালের পর উত্তর কোরিয়াকে আবার বিশ্বকাপের মূল পর্বে তুলেছেন কিম জং হুন। দলে নামী কোনো খেলোয়াড় নেই। পরিশ্রম আর পরিকল্পনা দিয়েই জিততে হয়েছে ম্যাচ। সেই পরিকল্পনা সাজাতে করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম। অনেক ত্যাগ আর কষ্টই স্বীকার করতে হয়েছে উত্তর কোরিয়ার কোচকে।এত কষ্ট আর ত্যাগ স্বীকার করলেন, অথচ এর ফলটাই হয়তো ভোগ করতে পারবেন না কিম। ১৫ জুন জোহানেসবার্গের ইলিস পার্কে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে উত্তর কোরিয়ার। ওই ম্যাচে উত্তর কোরিয়ার ডাগ-আউটে কিমকে নাও দেখা যেতে পারে। পরিপাটি পোশাকের ট্যাকটিশিয়ান কিমের বদলে সেখানে দেখা যেতে পারে স্বনামধন্য কোনো কোচকে। বিশ্বকাপে উত্তর কোরিয়ার দায়িত্ব নেওয়ার জন্য কিমের বিকল্প খুঁজছেন যে উত্তর কোরিয়ার ফুটবল কর্তারা।কিমকে উত্তর কোরিয়া সরিয়ে দিতে চাইছে কেন? গত বছরের অক্টোবরে হংকংয়ের সঙ্গে একটি ম্যাচ ড্র করেছিল উত্তর কোরিয়া। এটাই কিমের অপরাধ। কারণ ওই ড্রতেই শেষ হয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার ২০১০ পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার স্বপ্ন। অথচ ২০০৯ সালের জুন মাসে একটি ড্রর পর কিমকে নিয়ে কী মাতামাতিটাই না হয়েছিল উত্তর কোরিয়ায়! কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য সেই ড্রই তাদের তুলে দিয়েছিল বিশ্বকাপের মূল মঞ্চে।কিং ফাহাদ স্টেডিয়াম থেকে আনন্দের ঢেউ গিয়ে আছড়ে পড়েছিল পিয়ং ইয়ংয়ে। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদমাধ্যম—সবাই তখন মেতেছিল কিম-বন্দনায়। আর এখন পরিস্থিতি পাল্টে গেছে। প্রিয় শিষ্যদের ছেড়ে যেতে হবে, আসন্ন এই বিয়োগ-ব্যথায় কাতর কিমের পাশে নেই কেউ। কিমকে চাকরিচ্যুত করে বিশ্বকাপের জন্য ডাচ কোচ গাস হিডিঙ্ককে নিয়োগ দেওয়ার কথা ভাবছে উত্তর কোরিয়া। তাদের হিডিঙ্ককে পাওয়ার ইচ্ছেটা পূরণ নাও হতে পারে। রাশিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি হিডিঙ্কের। ওটা শেষ হবে জুনের শেষে। এর পর তিনি চলে যাবেন তুরস্কের দায়িত্ব নিতে। রাশিয়া হয়তো জুনের আগে ছাড়বে না হিডিঙ্ককে। এর আগে তাঁকে আইভরিকোস্টও চেয়েছিল। কিন্তু রাশিয়া ছাড়েনি বলে আর দিদিয়ের দ্রগবাদের দায়িত্ব নেওয়া হয়নি তাঁর।হিডিঙ্ক না পারুন, অন্য কেউ তো পারবেন। কোনো একজনকে হয়তো ঠিক করে ফেলবে উত্তর কোরিয়া। ১৫ জুন ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গার পাশের ডাগ-আউটে গিয়ে দাঁড়াবেন নতুন সেই কোচ। খেলোয়াড়দের এটা-ওটা করতে বলবেন। আর কিম? প্রিয় শিষ্যরা কী করছে সেটা হয়তো দেখবেন টেলিভিশনের পর্দায়। বেখেয়ালে হয়তো হাতটা উঠে যাবে ওপরে, টিভির সামনে বসেই ইঙ্গিতে নির্দেশ দেবেন শিষ্যদের! যখন সংবিত্ ফিরবে, বুঝতে পারবেন তিনি ডাগ-আউটে নন; তখন হয়তো চোখ দুটি ঝাপসা হয়ে উঠবে তাঁর।