সেই কুখ্যাত পঞ্চকাণ্ড
প্রচারের আলোয় আসতে তাঁর প্রতিভাই যথেষ্ট ছিল। যথেষ্ট ছিল তাঁর অসাধারণ গোলগুলো। কিন্তু লুইস সুয়ারেজের যেন ওই প্রচারে পোষায় না। তাই বারবার শিরোনামে আসছেন একের পর এক নিন্দনীয় কাণ্ডকীর্তি করে। সর্বশেষ পরশু ইতালির জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে তো ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলেছেন। কামড়-কাণ্ডটা নতুন, নইলে বিশ্বকাপে লজ্জার কাণ্ডকীর্তির অভাব কোথায়? সেই লজ্জার ইতিহাস থেকেই বার্তা সংস্থা এএফপি বাছাই করেছে বিশ্বকাপের পঞ্চকাণ্ড
ব্যাটল অব বার্ন
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত ম্যাচটি দেখার দুর্ভাগ্য হয়েছিল ‘নিরপেক্ষ’ সুইজারল্যান্ডের দর্শকদের। বার্নে ব্রাজিল-হাঙ্গেরির ‘যুদ্ধটা’ গ্যালারিতে বসে নিরপেক্ষভাবেই উপভোগ করেছিল তারা। ফুটবলীয় লড়াইয়ে ৪-২ গোলে জিতেছিল হাঙ্গেরি। কিন্তু সেটা কে মনে রেখেছে! দুদলের খেলোয়াড়েরা বেশ কবারই জড়িয়েছিলেন গণমারামারিতে। তিনজনকে বহিষ্কার করেও ম্যাচে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি রেফারি। বেশ কবার ব্রাজিলের কর্মকর্তা ও সাংবাদিকেরাও ঢুকে পড়েছিলেন মাঠে।
শুমাখারের লজ্জার রাত
এই শুমাখারও জার্মানির। তবে হ্যারাল্ড ‘টনি’ শুমাখারকে মানুষ মনে রেখেছে ১৯৮২ বিশ্বকাপে এক ফাউলের জন্য। জার্মান এই গোলরক্ষক সেমিফাইনালে গোল বাঁচাতে গিয়ে ফ্রান্সের প্যাট্রিক ব্যাটিনস্টনের মাথায় ইচ্ছেকৃতভাবে কনুইয়ের গুঁতোয় অজ্ঞান করে ফেলেছিলেন। আঘাতটা এতই মারাত্মক ছিল যে ব্যাটিস্টনের তিনটি দাঁত পড়ে গিয়েছিল। ফরাসিরা এখনো ক্ষমা করেনি শুমাখারকে।
হ্যান্ড অব গড
ম্যারাডোনার বিশ্বকাপ। অনন্যসাধারণ ফুটবল-জাদুতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েই ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপকে নিজের করে নিয়েছেন ম্যারাডোনা। কোয়ার্টার ফাইনালে পাঁচ ইংলিশ ফুটবলারকে কাটিয়ে তাঁর করা দ্বিতীয় গোলটি বিবেচিত বিশ্বকাপ ইতিহাসের সেরা গোল হিসেবেই। ওই ম্যাচে তাঁর প্রথম গোলটিও কম বিখ্যাত (!) নয়। পা বা মাথা নয় হাত দিয়েই গোলটা দিয়েছিলেন ম্যারাডোনা। পরে যেটাকে আবার বর্ণনা করেছেন ‘ঈশ্বরের হাত’ হিসেবে। সেই গোলটি এখনো ইংলিশদের বুকে বিঁধে আছে কাঁটা হয়ে।
থুতুকাণ্ড
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ভূমিকা যে ডাচরা এখনো ভুলতে পারেনি, সেটার প্রমাণ দুই দেশের ফুটবল ম্যাচ। জার্মানি-হল্যান্ড মুখোমুখি হওয়া মানেই টান টান উত্তেজনা। ব্যতিক্রম ছিল না ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দুই দলের ম্যাচটাও। উত্তেজনার পারদ এতটাই চড়েছিল যে ওই সময়ের অন্যতম দুই সেরা খেলোয়াড় ফ্রাঙ্ক রাইকার্ড ও রুডি ফোলার জড়িয়ে পড়েন বিবাদে। মাথা গরম করে জার্মান স্ট্রাইকার ফোলারকে ফাউল করে লাল কার্ড দেখা রাইকার্ড বেরিয়ে যাওয়ার সময় থুতু ছিটিয়ে দিয়েছিলেন ফোলারের মাথায়।
জিদানের ঢুস
ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মারছেন জিনেদিন জিদান। এই ছবিটা চিরকালীন একটা লজ্জা হয়ে থেকে যাবে ফুটবল ইতিহাসে। মাতেরাজ্জির প্ররোচনায় মেজাজ হারিয়ে এই কাণ্ড করে বসেন ফরাসি মহাতারকা। লাল কার্ড শুধু জিদানকেই ম্যাচ থেকে ছিটকে দেয়নি, ফ্রান্সকেও বঞ্চিত করে দ্বিতীয় বিশ্বকাপ থেকে।