সেই কেন্ড্রার বিশ্ব রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়েই অলিম্পিক ট্রায়াল থেকে বাদ পড়ার দুঃখ ভুললেন যুক্তরাষ্ট্রের কেন্ড্রা হ্যারিসন। পরশু লন্ডনে l রয়টার্স
১০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়েই অলিম্পিক ট্রায়াল থেকে বাদ পড়ার দুঃখ ভুললেন যুক্তরাষ্ট্রের কেন্ড্রা হ্যারিসন। পরশু লন্ডনে l রয়টার্স

যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি এখন ভাবতেই পারে, রিও অলিম্পিকের জন্য ১০০ মিটার হার্ডলসের ট্রায়ালটা আবার করলে কেমন হয়!
বাস্তবে তেমন কিছু হওয়ার সুযোগ নেই। গত মাসেই ট্রায়াল হয়ে গেছে। ঠিক হয়ে গেছে রিও অলিম্পিকের জন্য যুক্তরাষ্ট্রের হার্ডলস দলও। তাহলে এমন ভাবনার কথা আসছে কেন? কেন্ড্রা হ্যারিসনের কারণে। গত মাসে ট্রায়ালে ব্যর্থ হয়ে অলিম্পিকের দল থেকে বাদ পড়া মার্কিন হার্ডলার দুর্দান্ত এক কীর্তি গড়েছেন পরশু। ডায়মন্ড লিগের লন্ডন অংশে ১০০ মিটারের হার্ডলসে নতুন বিশ্ব রেকর্ড গড়ে ভেঙে দিয়েছেন ১৯৮৮ সালে বুলগেরিয়ার ইওরডাঙ্কা ডনকোভার রেকর্ড।
এমন একজন আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অলিম্পিকে থাকবেন না, ভাবা যায়!
লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে পরশু ১০০ মিটার হার্ডলস পেরিয়ে যখন ট্র্যাকের পাশে থাকা ঘড়ির দিকে তাকালেন কেন্ড্রা, সময় লেখা ১২.৫৮ সেকেন্ড। ২৩ বছর বয়সী মার্কিন হয়তো তখন ভাবছিলেন, ‘যাক, জিতেছি তো!’ কিন্তু কয়েক মুহূর্ত পরই ট্র্যাকে বসে অঝোরে কাঁদতে শুরু করলেন। ঘড়িতে দেখানো সময়টা ভুল ছিল। নতুন করে সঠিক সময় উঠেছে—১২.২০ সেকেন্ড! ১০০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড! সেকেন্ডের শতভাগেরও এক ভাগ কম সময় নিলেন ডনকোভার চেয়ে।
কেঁদেছিলেন তিনি এক মাস আগে ইউজিনের ট্র্যাকেও। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালের সময়। অলিম্পিকের দলে কেন্ড্রা থাকবেন, এ নিয়ে সংশয় ছিল না কারোরই। থাকবেই বা কেন! গত মে মাস পর্যন্ত তাঁর সেরা টাইমিং ছিল ১২.২৪ সেকেন্ড। তখন পর্যন্ত এটা ছিল হার্ডলসে এ বছরের সেরা টাইমিং। শুধু তা-ই নয়, হার্ডলসের ইতিহাসেই দ্বিতীয় সেরা টাইমিং ছিল সেটা। কিন্তু ট্রায়ালে এসে কী যেন হয়ে গেল। সেরা তিনজন পাবেন অলিম্পিকের টিকিট, কেন্ড্রা হলেন ষষ্ঠ!
মজার ব্যাপার, ট্রায়ালে সেদিনের সেরা তিনজনকেই লন্ডনে পরশু হারিয়েছেন কেন্ড্রা। ওই ব্যর্থতাই কি তাহলে এমন তাতিয়ে দিয়েছিল তাঁকে? কেন্ড্রার সরল স্বীকারোক্তি, ‘প্রতিশোধের স্পৃহা নিয়েই এখানে এসেছিলাম আমি। এই মেয়েদের দেখিয়ে দিতে চেয়েছিলাম, আমি কী করতে পারি!’ কিন্তু সেদিন কেন পারেননি? ‘চাপ আমাকে পেয়ে বসেছিল।’ হতাশায় পোড়ার কথাও জানালেন, ‘পুরোপুরি ভেঙে পড়েছিলাম। ইচ্ছে করছিল সব ছেড়েছুড়ে দিই।’
কিন্তু হাল ছেড়ে দেওয়াই তো সমাধান নয়। সে পথে যানওনি কেন্ড্রা। ট্র্যাকে পরাজিত হলেও হার মানেননি। নিজেই বলছিলেন জীবনের ট্র্যাকে ‘হার্ডল’ ডিঙিয়ে ফিরে আসার গল্প, ‘জানতাম নিজেকে ভালো রাখার একমাত্র উপায় অনুশীলনে ফিরে এসে বিশ্ব রেকর্ডের জন্য দৌড়ানো।’ বিশ্ব রেকর্ড হয়তো অলিম্পিকে না যেতে পারার কান্না মুছবে না। তবে কান্না ভুলেই কেন্ড্রার চোখে ঝলমল করছে নতুন স্বপ্ন, ‘৪০০ মিটার হার্ডলসেও রেকর্ড গড়তে চাই।’
আর আশায় বুক বাধছেন পরের অলিম্পিক নিয়ে। রয়টার্স।