সেই কেপটাউনেই এনটিনি নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালের মার্চে কেপটাউন টেস্ট দিয়ে অভিষেক। মাঝখানে ১০১টি টেস্ট এবং নামের পাশে ৩৯০টি উইকেট লিখিয়ে মাখায়া এনটিনি আবার যখন সেই কেপটাউনে আরেকটি টেস্টের সামনে দাঁড়িয়ে, তাঁর ক্যারিয়ারের সামনেই ঝুলছে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন।গত দুই টেস্টে মাত্র ২ উইকেট পেয়েছেন। গত টেস্টে উইকেটশূন্য। এর সঙ্গে যোগ করুন ২০০৯ সালে ছয়টি টেস্ট খেলে মাত্র ১৩ উইকেট। সিরিজে ০-১-এ পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার জন্য দলে পরিবর্তন অবশ্যম্ভাবী। সেই পরিবর্তনের খড়্গ এনটিনির ওপর দিয়েই যাবে বলে পূর্বাভাস। আর তা-ই যদি হয়, ৩২ বছর বয়সী এনটিনির ক্যারিয়ারটাও কি থেমে যাবে এখানে? নাকি আরেকটা সুযোগ পাবেন তিনি?প্রশ্নগুলোর উত্তর সবচেয়ে ভালো দিতে পারতেন যিনি, সেই কোচ মিকি আর্থার নিজেই পড়ে গেছেন ঘোর সংশয়ে, ‘আমাদের এমন একটা দল দরকার, ব্যাটিংয়ে যারা ভালো ভিত্তি গড়ে দেবে। আর বল হাতে তুলে নেবে ২০টি উইকেট। কন্ডিশন দেখার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এবং আমাদের বেশ কঠোর কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে। হয়তো দলে একটা কিংবা দুটো পরিবর্তন আসবে। আমি আসলে এখনো নিশ্চিত নই।’মূলত আর্থারের জোর সমর্থনেই দ্বিতীয় টেস্টের সেরা একাদশে জায়গা পান এনটিনি। ডেল স্টেইন ফেরায় অভিষেকের পরেই টেস্টেই বাদ পড়েন ফ্রিডেল ডি ওয়েট। অথচ এই ডানহাতি পেসারই দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দিয়েছিলেন জয়ের প্রান্তে। ম্যাচের মোড় ঘুরিয়ে নাটকীয় উত্তেজনা এনে দেওয়া কেভিন পিটারসেনের রানআউটও তাঁরই হাতে।গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে নাটকীয় ধসই পরাজয়ের আসল কারণ। তার পরও আর্থার তাঁর ব্যাটসম্যানদের ওপর আস্থাই রাখছেন, ‘কখনো কখনো আপনি লড়াইয়ে পিছিয়ে পড়বেন, কিন্তু আবার আপনাকে সেই লড়াইয়ে ফিরতে হবে। আমার মতে, একাদশের প্রথম ছয়জন এই মুহূর্তে আমাদের সেরা ছয়।’ তাদের তাই আরও সুযোগ দেওয়ার পক্ষে তিনি। সুযোগ এনটিনিকেও দেওয়ার ইচ্ছে তাঁর। কিন্তু সেই সঙ্গে এই ইঙ্গিতও দিয়েছেন, ‘কখনো কখনো কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে।’সেই সিদ্ধান্ত আসলেই কী, সেটি একাদশ ঘোষণার আগ পর্যন্ত জানা যাচ্ছে না। এনটিনির খেলা না-খেলা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটা তাই ঝুলেই থাকল। যেমন ঝুলে আছে পল কলিংউডের খেলার সম্ভাবনা। ওয়ানডের পর টেস্ট সিরিজেও রানের মধ্যে থাকা কলিংউডের কেপটাউনে খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’ বলে জানিয়েছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। শেষ পর্যন্ত কলিংউড খেলতে না পারলে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে মাইকেল কারবেরির। সিরিজের লিড ধরে রাখতে মরিয়া ইংল্যান্ড নতুন কারও বদলে ২৮ ওয়ানডে আর ১৬টি টি-টোয়েন্টির অভিজ্ঞতাসম্পন্ন লুক রাইটকেও বিকল্প ভাবা হচ্ছে কলিংউডের।গত ম্যাচে জেতা ভেন্যু ডারবানের সঙ্গে ইংল্যান্ডের সখ্য নিশ্চয়ই আরও বেড়েছে। তবে কেপটাউনের নিউল্যান্ডসে এই সুবিধা তারা পাবে না। বরং এটি দক্ষিণ আফ্রিকার জন্য পয়মন্ত ভেন্যু। এখানে সর্বশেষ চারটি টেস্টেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। শুধু তা-ই নয়, এ মাঠের সর্বশেষ ১৮ টেস্টের মাত্র ২টি হেরেছে তারা। জিতেছে ১৪টি। এর মধ্যে আছে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি বিশাল জয়ও!