সেই কোর্টেই মধুর প্রতিশোধ
ম্যাচ শেষ হতেই ডিজের গানের তালে নাচতে শুরু করলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। দৌড়ে এসে সেই আনন্দে যোগ দিলেন কোচ, কর্মকর্তারাও। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের স্নায়ুক্ষয়ী ম্যাচে কাল নেপালকে ৩-০ সেটে হারিয়েছে বাংলাদেশ। পরশু আফগানিস্তানকে হারানোর পর টানা দ্বিতীয় জয় পেলেন সাঈদ আল জাবিররা। টানা দ্বিতীয় ম্যাচেও সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাঈদ আল জাবির।
স্কোরলাইনে সেটের হিসাব দেখে অনুমান করার উপায় নেই কতটা পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচটি। প্রথম সেটটি বাংলাদেশ জেতে ২৫-২১ পয়েন্টে। দ্বিতীয় সেটে একসময় ১৬-১৫ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। সেটি ২৫-২০ পয়েন্টে জেতে স্বাগতিক দল। কিন্তু তৃতীয় সেটে এসে নেপাল খেলেছে দুর্দান্ত। একপর্যায়ে ২০-২০ পয়েন্টে সমতায় থাকা ম্যাচ বাংলাদেশ জেতে ২৫-২৩ পয়েন্টে।
নেপালের সঙ্গে পুরোনো কিছু হিসাব-নিকাশ চুকানো বাকি ছিল বাংলাদেশের। এই মিরপুরেই গত বছর দুই সেটে এগিয়ে থেকেও নেপালের কাছে হেরে এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোন থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। হারের পরে সেদিন কোর্টেই কান্নায় ভেঙে পড়েন খেলোয়াড়েরা। এরপর ভারতে দক্ষিণ এশিয়ান গেমসেও নেপালের কাছে হার। কালকের ম্যাচটা তাই বেশ সতর্ক হয়েই খেলেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে জাবিরের কণ্ঠেও তাই স্বস্তি, ‘আমরা জানতাম নেপাল ভালো দল। গতবারও আমরা ওদের কাছে হেরেছিলাম। তখন খুব হতাশ ছিলাম। তবে এবার কোচ আমাদের অনুপ্রাণিত করেছেন। জিততে হবে—এই বিশ্বাস, শক্তি নিয়েই আমরা খেলতে নেমেছিলাম। শেষ পর্যন্ত জিতেছি বলে খুব ভালো লাগছে।’
তৃতীয় সেটে মূলত দুই দলের পয়েন্ট সমান অবস্থায় ব্লকটা ভালো হয়েছে বাংলাদেশের। সোহেল রানা, হরজিৎ বিশ্বাস ও সাঈদ আল জাবিরের একের পর এক চমৎকার ব্লকিংয়ে ম্যাচ জিতেই কোর্ট ছেড়েছে বাংলাদেশ। আজ বাংলাদেশের কোনো খেলা নেই। আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান।