সেই ক্যানাভারো এই ক্যানাভারো
২০০৬ বিশ্বকাপের মতো এবারও ইতালির অধিনায়ক তিনি, মূল ভরসাও। কিন্তু আস্থার এই জায়গাটাই যে এবার বড় নড়বড়ে!আক্রমণভাগ কখনোই ইতালির শক্তির জায়গা ছিল না। নিজেদের জালে কোনোমতেই বল ঢুকতে না দেওয়া, সুযোগ বুঝে দ্রুত পাল্টা-আক্রমণে উঠে দু-একটি গোল করে আসা—এই হলো ইতালিয়ান ফুটবল। ব্যতিক্রম নয় এবারের বিশ্বকাপও। প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো কোনো ফরোয়ার্ড ইতালির নেই, শক্তির জায়গাটা সেই রক্ষণভাগই। কিন্তু রক্ষণভাগটাও যে ঠিক আগের মতো নেই!সবচেয়ে বড় উদাহরণ তো ফ্যাবিও ক্যানাভারোই! চার বছর আগে বিশ্বকাপের ট্রফিটাই শুধু উঁচিয়ে ধরেননি, নিজেও ছিলেন সেরা ফর্মে। জামব্রোত্তা-গ্রসোদের নিয়ে গড়ে তুলেছিলেন দুর্ভেদ্য রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে ইতালি গোল খেয়েছিল মাত্র দুটি, যার একটি আবার আত্মঘাতী, আরেকটি ফাইনালে জিনেদিন জিদানের পেনাল্টি। পুরো টুর্নামেন্টে ইতালির হয়ে প্রতিটি মিনিট মাঠে থেকেও একটি হলুদ কার্ডও দেখেননি। সেরা ফুটবলারের আনুষ্ঠানিক স্বীকৃতি ‘গোল্ডেন বল’ জিতেছিলেন জিনেদিন জিদান, কিন্তু অনেকের মতেই টুর্নামেন্টের সেরা ছিলেন ‘সিলভার বল’ জেতা ক্যানাভারো। প্রমাণ মিলেছিল প্রথম ডিফেন্ডার হিসেবে ফিফা বর্ষসেরার পুরস্কার জেতায়। এবারও ইতালির অধিনায়ক তিনি, মূল ভরসাও। কিন্তু আস্থার এই জায়গাটাই যে এবার বড় নড়বড়ে!চার বছর অনেকটা সময়। ক্যানাভারো পেরিয়ে গেছেন মধ্য তিরিশ। মনের জোর যতই থাকুক, ফুটবলের মতো শারীরিক খেলায় বয়স সব সময়ই একটা বড় ব্যাপার। সেই প্রভাবই কি পড়ছে ক্যানাভারোর খেলাতেও? বিশ্বকাপের পারফরম্যান্সে তাঁকে দলে নিল রিয়াল মাদ্রিদ, অবনমনের শুরু বার্নাব্যুতেই। গত বছর আবার ফিরে গেলেন জুভেন্টাসে এবং সর্বশেষ মৌসুমটায় যা খেললেন, সেটিকে বাজে বললেও কম বলা হয়। নিজেদের ইতিহাসে রেকর্ড ১৫টি ম্যাচ হেরেছে এবার জুভেন্টাস, গোল হজম করেছে রেকর্ড ৫৬টি। তাঁর পাশে দুর্দান্ত খেলেছেন গিওর্গিও চিয়েলিনি, কিন্তু ক্যানাভারোকে খুঁজে পাওয়া গেছে খুব কমই।ইতালির জন্য সবচেয়ে শঙ্কার কথা, বড় দলগুলোর বিপক্ষে দৃষ্টিকটুভাবে ফুটে উঠেছে তাঁর দুর্বলতা। এসি মিলানের কাছে দুবার ৩-০ গোলে হেরেছে জুভেন্টাস, চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৪-১ গোলে। ক্যানাভারোকে জুভেন্টাসের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই ডুবিয়েছেন তিনি। প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে খেই হারিয়েছেন অসংখ্যবার। কদিন আগে তাই শীর্ষপর্যায়ের লিগ ছেড়ে তাঁকে পাড়ি জমাতে হয়েছে সৌদি আরবের আল-আহলিতে। বিশ্বের সেরা দলগুলোর একটির মূল ডিফেন্ডার খেলেন সৌদি আরবের একটি ক্লাবে, ইতালির রক্ষণ-দৈন্য বোঝাতে এইটুকুই তো যথেষ্ট!গত বিশ্বকাপে দারুণ খেলা আরেক ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোত্তাও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিপ্পির রক্ষণদুর্গে একমাত্র ভরসা বলা যায় চিয়েলিনিকেই, জুভেন্টাসের চরম ব্যর্থ মৌসুমেও যিনি ছিলেন এবার সিরি ‘আ’র অন্যতম সেরা ফুটবলার। ২৩ জনের দলে থাকা বাকি চার ডিফেন্ডার মিলে ম্যাচ খেলেছেন মোটে ১২টি! রক্ষণভাগ নিয়ে মার্সেলো লিপ্পির সমস্যাটা তাই অদ্ভুত, যাঁরা অভিজ্ঞ তাঁদের বয়স একটু বেশিই বেশি। আবার যাঁরা তরুণ, তাঁদের অভিজ্ঞতা একটু বেশিই কম।টান পড়েছে যেন ইতালির বিশ্বমানের ডিফেন্ডার ভান্ডারেও। অসহায় লিপ্পিকে তাই আস্থা রাখতে হচ্ছে ক্যানাভারোতেই, বিকল্প যে কাউকে চোখে পড়েনি! কিন্তু অন্তত দুটি ঝুঁকি এতে থেকেই যাচ্ছে—বিশ্ব চ্যাম্পিয়নদের দ্রুত বিদায় আর ক্যানাভারোর বর্ণাঢ্য ক্যারিয়ারের করুণ সমাপ্তি।