সেই ক্রিকেটার শরিফুল!
স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন কে—কাল সেটা জানতেই মাশরাফি বিন মুর্তজাকে তলব করেছিলেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের বিপিএল প্রতিনিধি হাওয়ার্ড বিয়ার ও ডেভিড র্যালি। বিশ্বস্ত সূত্রের খবর, মাশরাফি তাঁকে সাবেক ওই ক্রিকেটারের নামও জানিয়েছেন। ক্রিকেটারটি হলেন সাবেক অফ স্পিনার শরিফুল হক (প্লাবন)।মাশরাফি এ ব্যাপারে কালও কোনো মন্তব্য করতে রাজি হননি। সূত্র জানিয়েছে, কাল সকালে ঢাকা গ্ল্যাডিয়েটরসের অনুশীলন শেষে মাশরাফির সঙ্গে কথা বলেছেন দুর্নীতি দমন বিভাগের প্রতিনিধি। মাশরাফি সেখানে শরিফুলের নাম বললেও শরিফুল পুরো ঘটনাটি অস্বীকার করছেন। প্রথম আলোকে টেলিফোনে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘এ ব্যাপারে মাশরাফিই ভালো বলতে পারবে। তবে মাশরাফির সঙ্গে এসব নিয়ে কখনোই কোনো কথা হয়নি আমার। দুষ্টুমি করেও আমরা এ নিয়ে কখনো আলাপ করিনি। আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। জীবনে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হব ভাবিনি।’জানা গেছে, পুরো ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফিও। বিষয়টা নিয়ে কারও সঙ্গেই কোনো কথা বলছেন না তিনি।