সেই ক্র্যাব এখন...

চাইলে ভালো একটা চাকরি করতে পারতেন। মোটরগাড়ির এক বিক্রয়কেন্দ্রে স্থায়ী কাজের প্রস্তাবও পেয়েছিলেন। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। উল্টো নুরেমবার্গের এক সেবাসদনে মৃত্যুপথযাত্রীদের সঙ্গ দেওয়ার কাজ বেছে নিয়েছেন ক্যাটরিন ক্র্যাব।
নামটা কি একটু পরিচিত মনে হচ্ছে? সাবেক জার্মান অ্যাথলেট ক্র্যাব ১৯৯১ সালে টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন। তখন মেয়েদের ট্র্যাকে রাজত্ব ছিল আমেরিকার গোয়েন টরেন্স ও জ্যামাইকার মারলিন ওটির। দুজনকে পেছনে ফেলে টোকিওর সাফল্যে রাতারাতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছিলেন ক্র্যাব। অবশ্য এর আগে তিনি পূর্ব জার্মানির হয়েও নিজেকে মেলে ধরেছিলেন ১৯৯০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। ‘স্প্রিন্ট ডাবল’-এর পাশাপাশি জিতেছিলেন রিলেতেও। তবে ট্র্যাকে ক্যারিয়ারটা বেশি দীর্ঘ হয়নি; ১৯৯২ সালে ডোপ টেস্টে ‘পজিটিভ’ হওয়ার পর আর ট্র্যাকেই নামেননি জার্মান অ্যাথলেট।
সেবাসদনে মৃত্যুপথযাত্রীদের সঙ্গ দেওয়ার কাজটি ক্র্যাব বেছে নিয়েছেন মানবসেবার ব্রত নিয়ে। জার্মানির ম্যাকলেবুর্গ ভরপোমার্নের সাবেক এক রাজ্যপ্রধান মুমূর্ষু রোগীদের সেবাদানের গুরুত্ব তুলে ধরে ভাষণ দিয়েছিলেন। সেটি মনে গেঁথে গিয়েছিল ক্র্যাবের। এটাই নুরেমবার্গের থ্রি কিংস সেবাসদনে মৃত্যুপথযাত্রীদের সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেছে তাঁকে। এর জন্য নয় মাসের একটা কোর্স করতে হয়েছে ক্র্যাবকে। অর্জন করতে হয়েছে অভিজ্ঞতাও। সেবাসদনে তাঁর পদবি ‘মুমূর্ষুদের সঙ্গী’। এই পদবি নিয়েই আপত্তি ক্র্যাবের, ‘মুমূর্ষুদের সঙ্গী? না, আমি জীবিতদের সঙ্গী।’
সেবাসদনে অনেক কাজ ক্র্যাবের। মৃত্যুপথযাত্রী রোগীদের সঙ্গে গল্প করা, ওদের চলাফেরা থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনে সাহায্য করা। তবে আরও একটা লক্ষ্য নিয়ে প্রতিদিন ওই সেবাসদনে ছুটে যান ক্র্যাব—মৃত্যুর জন্য অপেক্ষমাণ মানুষের মুখে হাসি ফোটানো। আর সেটি করতে পারলেই খুঁজে পান নিজের কাজের সার্থকতা। এএফপি।