সেই ক্লার্কই আইপিএলে
ওয়েস্ট ইন্ডিজ জয় সম্পন্ন। সফল এই সফর শেষে অধিনায়ক মাইকেল ক্লার্ক এবার তাঁর দৃষ্টি ফেরাচ্ছেন আইপিএলে। অস্ট্রেলিয়া অধিনায়ক আগামীকালই ভারতে এসে পুনে ওয়ারিয়র্সে যোগ দেওয়ার অপেক্ষায়।আইপিএলের সমালোচক হয়তো নন। তবে টেস্ট ক্রিকেট এবং দলের কথা ভেবে ক্লার্ক এত দিন কাঁড়ি কাঁড়ি টাকা কামানোর এই টুর্নামেন্ট থেকে নিজেকে দূরেই রেখেছেন। রিকি পন্টিং, মাইক হাসিরা খেললেও ক্লার্ক আইপিএলে খেলেননি কখনোই। ২০০৯ সালে তাঁর নাম নিলাম তালিকায় থাকলেও অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির অজুহাতে নিলাম থেকে সরে দাঁড়ান। সব সময়ই বলে এসেছেন, ভালো একজন টেস্ট খেলোয়াড় হয়ে থাকতে চান। সেই ক্লার্কও অবশেষে প্রথমবারের মতো আইপিএল-সুধা পান করতে আসছেন।সেটাও টোয়েন্টি-২০ ক্রিকেটে প্রত্যাবর্তনের গল্প লিখে। ক্লার্ক সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০১০ সালের অক্টোবরে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দিতে ৩১ বছর বয়সী ব্যাটসম্যান ২০১১ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটেও খেলেননি। ঘরোয়া টি-টোয়েন্টিই সেভাবে খেলেননি। ছয়টি মাত্র ম্যাচ খেলেছেন, তাও ২০০৪ সালে ইংল্যান্ডে, হ্যাম্পশায়ারের হয়ে।সেই ক্লার্ককেই দলে টেনেছে সৌরভ গাঙ্গুলীর পুনে ওয়ারিয়র্স। ক্লার্কও আইপিএল নিয়ে রোমাঞ্চিত। পরশু ডমিনিকা টেস্ট শেষে বলেছেন, ‘সত্যি বলতে, কিছু টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি। আমি আইপিএল কখনোই খেলিনি। আমি অনেকবারই বলেছি, সুযোগ এলে খেলব। আমি মনে করি, এটাই সঠিক সময়।’ শুধু খেলাই নয়, পুনের কোচ কাম অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর দল পরিচালনাটাও পর্যবেক্ষণ করবেন ক্লার্ক। যদি কিছু শেখা যায়!পুনে এরই মধ্যে ৯ ম্যাচ খেলে ফেললেও এখনো মাঠে নামতে পারেননি বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ক্লার্ক বিদেশিদের জন্য বরাদ্দ চারটি জায়গার একটি স্থায়ী করে নিতে পারেন। তামিমের জন্য দলে ঢোকার লড়াইটা হবে আরও কঠিন। ওয়েবসাইট।