সেই খুদে ভক্তকে মেসির উপহার

হাডসন শেরউডের কথা মনে আছে? লিওনেল মেসির সেই নয় বছর বয়সী ভক্ত, যার হূদয় ভেঙে দিয়েছিলেন প্রিয় তারকা নিজেই! বার্সা জাদুকরকে কাছ থেকে একনজর দেখতে না পেয়ে যে কান্নায় ভেঙে পড়েছিল, যার কোমল হূদয়ে জন্ম নিয়েছিল মেসির প্রতি প্রচণ্ড ক্ষোভ। তা হবে নাইবা কেন—মেসি যে দেখা দেওয়ার কথা বলেও কথা রাখেননি!
ছোট্ট হাডসন অবশ্য সেই ক্ষোভ ভুলে যেতেই পারে। প্রিয় ফুটবলারকে নিয়ে হূদয়ের গহিনে আবার বুনতে পারে স্বপ্নের জাল। উপলক্ষটা এনে দিয়েছেন মেসি নিজেই। খুদে ভক্তের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পাঠিয়েছেন নিজের সই করা জার্সি। জানিয়েছেন শুভকামনাও। পুরো বিষয়টিই উচ্ছ্বসিত করতে পারে ছোট্ট হাডসনকে। কারণ, এর আগে কোনো ভক্তই যে মেসির কাছ থেকে এমন উপহার পাননি।
ব্যাপারটি অপ্রত্যাশিত ছিল সবার কাছেই। খুদে হাডসনকে মেসি উপহার পাঠাবেন, তা কোনো দিন স্বপ্নেও ভাবেননি হাডসনের বাবা। বুধবার অপ্রত্যাশিতভাবে বার্সেলোনা থেকে একটি উপহারের বাক্স পান তিনি। সেটা খুলেই চমকে ওঠেন। উপহারটা পাঠিয়েছেন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি!
উপহারটা দেখে আনন্দে কেঁদে ফেলেন তাঁর স্ত্রী। হাডসন এই মুহূর্তে একটি ফুটবল ক্যাম্পে আছে। এ কারণে মেসির উপহারটা এখনো সে দেখেনি। তবে সেটা পাওয়ার পর সব কষ্ট ভুলে হাডসন যে আনন্দে আত্মহারা হয়ে যাবে, এ ব্যাপারে নিশ্চিত টনি, ‘ওর বয়স মাত্র নয় বছর। আমি নিশ্চিত, উপহারটা পেয়ে সে রোমাঞ্চিত হবে। বাচ্চাদের আবেগ খুব স্বল্পমেয়াদি। মেসির জার্সি পেলে আগের সবকিছু ভুলে যাবে সে।’ বার্সেলোনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতারও কমতি নেই টনির, ‘হাডসন মেসির দেখা না পেলেও আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। তাঁরা হাডসনের জন্য দারুণ কিছু করেছেন।’
টনি শেরউড জানান, মেসির উপহার পেতে তাঁকে সহায়তা করেছেন রিস্টো মেজিদা নামের এক স্প্যানিশ। তিনি একাধারে একজন লেখক, প্রকাশক ও সংগীতজ্ঞ। ওই ব্যক্তিই হাডসনের হূদয়ভাঙার ঘটনাটা বার্সেলোনার নজরে এনেছিলেন।
মাত্র পাঁচ বছর বয়স থেকে মেসির ভক্ত হাডসন। পরিবারের সঙ্গে বার্সেলোনাও সফর করেছে সে। ন্যু ক্যাম্প স্টেডিয়াম, বার্সেলোনার ড্রেসিং রুম পরিদর্শন করেছে। মেসির ১০ নম্বর জার্সি গায়ে মাঠে ছবিও তুলেছে হাডসন। প্রিয় তারকা লিওনেল মেসিকে কাছ থেকে দেখার সৌভাগ্য অবশ্য তার হয়নি। সেই সুযোগটাই এসেছিল এ মাসের গোড়ার দিকে। যুক্তরাষ্ট্রে দুটি চ্যারিটি ম্যাচে খেলতে গিয়েছিলেন মেসি। উদ্দেশ্য, তাঁর গড়া ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করা। লস অ্যাঞ্জেলেসের ম্যাচটি শেষ মুহূর্তে বাতিল করা হয়। তবে নির্ধারিত সূচি অনুসারেই ৬ জুলাই শিকাগোর ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ উপলক্ষে ‘বিশেষ’ টিকিটের ব্যবস্থা ছিল। বলা হয়েছিল, অধিক অর্থ খরচ করে যাঁরা এই টিকিট কিনবেন, তাঁরা মেসির সঙ্গে সাক্ষাত্ করতে পারবেন, তাঁকে অভিবাদন জানাতে পারবেন। সঙ্গে দেওয়া হবে মেসির স্বাক্ষর করা জার্সি ও বল। সুযোগটা লুফে নেন হাডসনের বাবা টনি শেরউড। ছেলে ও নিজের জন্য দুটি টিকিট কেনেন তিনি। প্রতিটি টিকিটের মূল্য ছিল আড়াই হাজার ডলার। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর কেবল হতাশাই পেয়েছেন তাঁরা, ভক্তদের সাক্ষাত্ দেননি মেসি!
টনি জানান, মেসিকে দেখতে না পেয়ে তাঁর ছেলে হাডসনের হূদয় ভেঙে যায়। কথা দিয়ে কথা না রাখায় প্রিয় তারকার প্রতি তার মনে বিদ্বেষও জন্ম নেয়। মেসির নামাঙ্কিত ছয়টি জার্সি হাডসনের রয়েছে। গাড়িতে করে বাড়ি ফেরার সময় ছোট্ট হাডসন বলে, ‘বাবা, পরবর্তী সময় যখন আমাকে জার্সি কিনে দেবে, মেসির জার্সি আর চাই না।’
মেসির জার্সিই এখন হতে পারে ছোট্ট হাডসনের সবচেয়ে প্রিয় কিছু। কে জানে, একদিন হয়তো মেসিকে সামনাসামনি দেখার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে তার। সূত্র: ওয়েবসাইট।