সেই গ্যাবনেই জাম্বিয়ার উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোরা শিকারির ‘তামার বুলেটেই’ হত হাতি। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে অন্যতম ফেবারিট সেনেগালকে শিকার করে যে স্বপ্নযাত্রা শুরু করেছিল জাম্বিয়া, সেটাই পূর্ণতা পেল পরশু। তারকাখচিত ফেবারিট আইভরি কোস্টকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে আফ্রিকা-সেরা হলো জাম্বিয়া। তা-ও ইউরোপের প্রথম বিভাগ ফুটবলে খেলা মাত্র একজন খেলোয়াড় নিয়েই। রীতিমতো অসাধ্য সাধন! নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর জিতল তারা পেনাল্টি শ্যুটআউটে।এটাকে ঠিক কী বলা যায়? নিয়তি নির্ধারিত, ঐশ্বরিক হস্তক্ষেপ, নাকি আবেগতাড়িত এক দলের আবেগের চূড়ান্ত প্রদর্শনী। নিয়তিই বোধ হয় ঠিক করে রেখেছিল, যে গ্যাবনে ১৯ বছর আগে এক বিমান দুর্ঘটনায় পুরো জাতীয় দলকে হারিয়েছিল জাম্বিয়া, সেখানেই রচিত হবে দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় গৌরবগাথা। আর জাম্বিয়ানরাও তো বরাবর বলে এসেছে হারিয়ে যাওয়া ভাইদের শিরোপা উৎসর্গ করা ছাড়া অন্য কিছু তাদের ভাবনায় নেই।জাম্বিয়া অবশ্যই ভালো খেলেছে, কিন্তু ভাগ্যের ছোঁয়াও কি পায়নি! নইলে ৭০ মিনিটে দিদিয়ের দ্রগবার পেনাল্টি শট কেন আকাশে উড়ে যাবে, কেন টাইব্রেকারে ব্যর্থ হবেন কোলো তোরে ও গেরভিনহোর মতো তারকারা? কেন ফিরে আসবে ২০০৬ সালের স্মৃতি?জাম্বিয়ার ফরাসি কোচ হার্ভি রেনার্ড বলেই দিয়েছেন, ‘জয়টা লেখা ছিল আকাশে।’২০০৬ সালের ফাইনালে মিসরের কাছে টাইব্রেকারে হেরেছিল সেবারেরও হট ফেবারিট ‘হাতিরা’। টাইব্রেকারে ব্যর্থ হয়েছিলেন দ্রগবা। আইভরি কোস্টের ‘সোনালি প্রজন্ম’কে খালি হাতেই ফিরতে হলো চার চারটি কাপ অব নেশনস থেকে। ‘চোকার’ তকমাটা আর ঘোচাতে পারলেন না দ্রগবারা। পুরো টুর্নামেন্টে কোনো গোল না খেয়েও দ্বিতীয় হলো দলটি।পরশু গ্যাবনের রাজধানী লিব্রেভিলের স্টেড ডি লা’অ্যামিতি সাক্ষী হয়েছে ম্যারাথন পেনাল্টি শ্যুটআউটের। মোট ১৮টি পেনাল্টি শটের পরই আলাদা করা গেছে দুই দলকে। প্রথম ১৪টি পেনাল্টি থেকেই গোল হয়, যার একটি আবার দ্রগবার। এরপর দুই দল মিলিয়ে টানা তিনটি পেনাল্টি মিস, যার দুটো আইভরি কোস্টের দুই তারকা কোলো তোরে ও গেরভিনহোর। ১৮ নম্বর শটে স্টপিলা সুনজু গোল করার পরই উল্লাসে মেতে ওঠে জাম্বিয়া দল।ওই গোলের পরই জাম্বিয়ার রাজধানী লুসাকায় হাজার হাজার সমর্থক নেমে আসে রাস্তায়। জাম্বিয়ার কমলা, সবুজ ও কালো রঙের পতাকা নিয়ে সারা রাত উৎসব করেছে তারা। ম্যাচ দেখতে এই সমর্থকেরাই ভারী বৃষ্টিতে ভিজে সমবেত হয়েছিল বিভিন্ন ক্লাব ও বারে।ম্যাচ শুরু হতে না হতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জাম্বিয়া। নাথান সিনকালার জোরালো শট বাঁচিয়ে দেন আইভরি কোস্টের গোলরক্ষক বুবাকার ব্যারি। ইয়া তোরে ও ম্যাক্স গ্রাদেলের শট অল্পের জন্য বাইরে না গেলে এগিয়ে যেতে পারত আইভরিয়ানরা। আর ৭০ মিনিটে পেনাল্টি বক্সে গেরভিনহোকে ফেলে দেওয়ার পর পাওয়া পেনাল্টি মিসের কথা তো আগেই বলা হয়েছে।জাম্বিয়াকে প্রথমবারের মতো আফ্রিকা-সেরা করার পর কোচ রেনার্ড বলেছেন, ‘এটা বিশাল এক প্রাপ্তি। প্রতিযোগিতা শুরুর আগে এই অর্জনটা কল্পনাও করতে পারিনি।’অন্যদিকে হতাশ আইভরি কোস্টের কোচ ফ্রাঁসোয়া জাহুইর কথা, ‘আমরা ভালো না খেললেও সুযোগ পেয়েছিলাম। হতাশাটা বিশাল, আমরা অন্য রকম ফল চেয়েছিলাম।’জাম্বিয়ার অধিনায়ক ক্রিস্টোফার কাতোঙ্গোই হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এএফপি, রয়টার্স।