সেই চিরচেনা জেরার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিভারপুলের সমর্থকেরা আদর করে তাঁকে ডাকে ‘স্টিভি জি’। অফুরান প্রাণশক্তির স্টিভেন জেরার্ড অনেক দিন ধরেই লিভারপুলের মাঝমাঠের প্রাণভোমরা। রয় হজসন আসার পর ইংল্যান্ডের অধিনায়কত্বের জোয়ালও চেপেছে তাঁর ঘাড়ে। সামনে থেকে দারুণ নেতৃত্ব দেওয়ার পুরস্কার পেলেন গত পরশু। এফএর দর্শক জরিপে ৪০ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা ইংল্যান্ড খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জেরার্ড। এ নিয়ে দুবার এই মণিহার সঙ্গী হলো তাঁর, এর আগে ওয়েইন রুনি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডেরই ছিল এই কীর্তি।পুরস্কারটা নিশ্চয়ই বাড়তি একটা প্রেরণা জুগিয়েছিল। নইলে ওই রাতেই তাঁর পা থেকে অমন অসাধারণ একটা গোল আসে না! ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলার ১৭ মিনিট বাকি থাকতে ৩৩ গজ দূর থেকে পাওয়া বলে দুর্দান্ত এক ভলিতে গোল করে জেরার্ড এগিয়ে দেন লিভারপুলকে। লিভারপুলের গোলরক্ষক পেপে রেইনার ভুলে ম্যাচটা অবশ্য শেষমেশ ড্র-ই করে ফেলেছে সিটি (২-২)। রেইনার গোল ছেড়ে বেরিয়ে আসার সুযোগে ৭৮ মিনিটে সার্জিও আগুয়েরো সমতা ফেরায় ঘরের মাঠে। ২৩ মিনিটে এডিন জেকোর গোলে এগিয়ে যাওয়া সিটিকে সমতায় টেনে আনেন লিভারপুলের ড্যানিয়েল স্টারিজ। এএফপি।