সেই চেনা চন্দরপল
স্টিভ ওয়াহ নিঃসঙ্গ হয়ে গেলেন। নিঃসঙ্গ অ্যালান বোর্ডার পেলেন একজন সঙ্গী। তবে বোর্ডারের তাতে খুব উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। ওয়াহরও খুব বেশি মন খারাপ হওয়ার কথা নয়। দুজনের কারও আক্ষেপই তো কমবে না! তবে শিবনারায়ণ চন্দরপল বেশ খুশি!না, সঙ্গী হিসেবে ওয়াহর চেয়ে বোর্ডার ভালো, এমন কোনো ব্যাপার নেই। খোলাসা করেই বলা যাক। এমনিতে পাশাপাশি এই তিনজনের নাম দারুণ মানিয়ে যায়। বোর্ডারের ক্যারিয়ার শেষ ১৯৯৪ সালের মার্চে, চন্দরপলের অভিষেক এর সপ্তাহ খানেক আগে। ওয়াহকে বলা যায় এই দুই প্রজন্মের যোগসূত্র। ক্যারিয়ারের প্রথম নয় বছর খেলেছেন বোর্ডারের সঙ্গে, পরের নয় বছর প্রতিপক্ষ দলে দেখেছেন চন্দরপলকে। তিনজনের ব্যাটিংও প্রায় একই ঘরানার। ব্যাটিংয়ে সৌন্দর্য সামান্যই আছে, তবে রানসংখ্যাই বলে দেয় কার্যকারিতা। দলের বিপর্যয়ে বরাবরই চওড়া হয়েছে এই তিনজনের ব্যাট। দীর্ঘ সময় উইকেটে পড়ে থাকাতেও মিল আছে। তিনজনকে এখানে টানা এই প্রসঙ্গেই। মনঃসংযোগ আর লম্বা ইনিংস খেলায় আদর্শ হতে পারেন তিনজনই। অথচ টেস্টের ১০ হাজারি ক্লাবে সবচেয়ে কম ডাবল সেঞ্চুরি এই তিনজনেরই!ওয়াহর দ্বিশতক একটি, ঠিক ২০০। বোর্ডারের দুটি, ২০৫ ও অপরাজিত ২০০। চন্দরপলের কাল দুটি হলো। ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন অপরাজিত ২০৩, এবারও তা-ই। ক্রিকেটের অনেক অমীমাংসিত রহস্যের মতোই বুঝি রহস্য হয়ে থাকবে এটিও। আরেকটা পরিসংখ্যান আরও পরিষ্কার করে তুলে ধরতে পারে এই বৈপরীত্য। যত দূর হিসাব পাওয়া যায়, টেস্ট ক্যারিয়ারে মোট ৩২,৮৭০ মিনিট ব্যাটিং করেছেন চন্দরপল। বোর্ডার ৩৫,৬৩৯ মিনিট। টেস্ট ইতিহাসে এই দুজনের চেয়ে বেশি সময় উইকেটে কাটিয়েছেন শুধু তিনজন—জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। অথচ বোর্ডার ও চন্দরপলের চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে ২৮ জন ব্যাটসম্যানের! হিসাব মেলে না তাই কিছুতেই, যুক্তিও খুঁজে পাওয়া মুশকিল। একটা কারণ হতে পারে, ক্যারিয়ারের প্রায় পুরোটাই ব্যাটিং-অর্ডারের নিচে ব্যাটিং করে যাওয়া। ক্যারিয়ারের ২৪৭ ইনিংসের ১৭৫টিতেই ব্যাটিং করেছেন পাঁচ থেকে নিচে। চন্দরপল নিজে এটাকে একটা কারণ বললেন বটে। তবে নিজের ব্যর্থতাটাও মেনে নিলেন, ‘নিচে ব্যাটিং করা একটা কারণ হতে পারে। তবে বড় ইনিংস খেলার অনেক সুযোগও পেয়েছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কাজে লাগাতে পারিনি। আজ সেটা করতে পেরেছি বলে ভালো লাগছে।’সেটাই অবশ্য লাগারই কথা। ক্যারিয়ারের অপ্রাপ্তির কথা মনে করে কেন এই প্রাপ্তির মুহূর্তটায় বিষাদের ছোঁয়া লাগাবেন! ডাবল সেঞ্চুরি উদ্যাপনে উচ্ছ্বাসের বাড়াবাড়ি ছিল না। পরে কণ্ঠেও পাওয়া গেল না খুব বেশি রোমাঞ্চ। তবে তৃপ্তিটা লুকাননি, ‘ক্যারিয়ারে বড় ইনিংস খুব বেশি নেই আমার। এর আগে ডাবল সেঞ্চুরি ছিল মাত্র একটি। এমন একটি মাইলফলক পেরোনো তাই সব সময়ই তৃপ্তিদায়ক।’ সেঞ্চুরি সংখ্যায় (২৬) স্যার গ্যারি সোবার্সকে ছোঁয়াকে মানছেন বড় এক সম্মান, ‘স্যার গ্যারির মতো একজনের পাশে নাম উচ্চারিত হওয়াটাই সম্মানের। যদিও আমি ম্যাচ অনেক বেশি খেলেছি (চন্দরপল ১৪৫, সোবার্স ৯৩), তার পরও এটা অনেক বড় সম্মান।’প্রাপ্তিটা আরও বাড়তে পারত, যদি ইনিংস ঘোষণা আর একটুক্ষণ পরও করতেন। ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটাকে ছুঁলেন, কিন্তু পেরোতে পারলেন না। বরাবরের মতো দল-অন্তঃপ্রাণ চন্দরপলের কিন্তু এটা নিয়ে খুব একটা খেদ নেই, ‘দল সব সময়ই সবকিছুর আগে। ব্যক্তিগত রান বা অর্জন কোনো ব্যাপার নয়।’চন্দরপলের অপরাজিত ২০৩ রানের ইনিংসটার মহিমা যেন আরও বেড়ে গেল শেষ কথাটাতে।