সেই চেনা পাকিস্তান
৯.৩-১-১৯-৩ ৭-১-১১-০ম্যাচের মোড় পাল্টে দিল কাল সকালে দুজনের এই দুটো স্পেল। প্রথমজন উমর গুল, আগের দিন যিনি ছিলেন উইকেট-শূন্য। দ্বিতীয় জনের নাম শুনে ভিরমি খেতে পারেন, ইউনুস খান! উইকেট পাননি, কিন্তু দারুণ নিয়ন্ত্রিত মিডিয়াম পেসে চাপটা ধরে রেখেছিলেন। অবাক হতে পারেন গুলের সঙ্গী হিসেবে ইউনুসের নাম জেনেও। চোটের কারণে এই ম্যাচে তো বটেই, পুরো সিরিজেরই বাইরে চলে গেছেন প্রথম দিনের সেরা বোলার ওয়াহাব রিয়াজ। আগের দিন শেষ বিকেলে নেওয়া নতুন বলটা কাজে লাগাতে এ ছাড়া আর উপায় ছিল না পাকিস্তানের। বল হাতে ইউনুস কিন্তু একদমই ‘নবিশ’ নন। টেস্টে ৭টি উইকেট আছে, গত বছর গলে নিয়েছিলেন ৪ উইকেট। কাল তো এক পর্যায়ে তিনটি স্লিপ আর একটা গালি নিয়েও বোলিং করলেন!সকালে এই দুজনের বোলিংয়ে উদ্বুদ্ধ হয়ে দুর্দান্ত বোলিং করল পাকিস্তানের দুই স্পিনারও। আর এতেই ৫৫০-এর আশায় নামা গ্রায়েম স্মিথের দল গুটিয়ে গেল ৩৮০ রানে। টেস্ট ক্রিকেটের স্বাদ ভুলতে বসা দুই ওপেনারের সৌজন্যে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটাও হলো দারুণ। দুজনই ফিরে গেছেন, তবে ইউনুস-আজহার আর কোনো উইকেট পড়তে না দিয়ে নিশ্চিত করেছেন দিনটা শুধুই পাকিস্তানের।গুল-ইউনুসের বোলিংয়ে শুধু উইকেটই পড়েনি, রানের গতিটাও থমকে যায়। লাঞ্চের আগে ২৮.৩ ওভারে রান ওঠে মাত্র ৫৪! নাইটওয়াচম্যান পল হ্যারিসকে দিয়ে গুলের শিকার শুরু। দুরন্ত ফর্মে থাকা ডি ভিলিয়ার্সকে যে অফ কাটারে বোল্ড করলেন, এর চেয়ে বেশি ভালো ডেলিভারি ক্যারিয়ারে খুব বেশি পাননি ডি ভিলিয়ার্স। গুলের পরের ওভারেই এলবিডব্লু অ্যাশওয়েল প্রিন্স। দুই স্পিনার আবদুর রেহমান ও সাঈদ আজমল তুলে নিয়েছেন শেষ চার উইকেট। মার্ক বাউচারকে ফিরিয়েছেন রেহমান, পথের কাঁটা হয়ে দাঁড়ানো জ্যাক ক্যালিসকে আজমল।বোলিংয়ের মতো পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটাও ছিল চমকপ্রদ। পাল্টা আক্রমণ চালিয়ে অনেকের মতেই বিশ্বসেরা নতুন বলের জুটি স্টেইন-মরকেলকে হতভম্ব করেন তৌফিক উমর ও মোহাম্মদ হাফিজ। ৯ ওভারেই দুজন তুলে ফেলেন ৬০ রান। স্পিন আসার পর রানের গতিতে টান পড়লেও সেঞ্চুরি জুটি ঠিকই গড়ে ফেলেছেন। চোখ ধাঁধানো কিছু শট খেলা হাফিজ স্বভাবমতোই ছুড়ে দিয়ে এসেছেন উইকেট, ‘ডাউন দ্য উইকেট’ এসে ক্যাচিং প্র্যাকটিস করিয়েছেন স্মিথকে। মরকেলের ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লু তৌফিক। ইউনুসকে নিয়ে দাঁতে দাঁত চেপে দিনটা পার করেছেন আজহার আলী। তথ্যসূত্র: ওয়েবসাইট।