সেই ছক্কার ২৫ বছর
জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪। ফুলটস বলে গায়ের জোরে ব্যাট চালিয়েই বুঝে গেলেন বল কোথায় যাচ্ছে। দুই হাত উঁচিয়ে দৌড় লাগালেন ড্রেসিংরুমের দিকে...নিশ্চয়ই বুঝে ফেলেছেন? ক্রিকেট ইতিহাসে ঢুকে যাওয়া জাভেদ মিয়াঁদাদের সেই শট, শেষ বলে ছয় মেরে অস্ট্রেলেশিয়া কাপ জয়। কত কাব্য, কত লেখা, কত কথা হলো মিয়াঁদাদেরর বীরত্ব নিয়ে। কিন্তু বোলারের মনোবেদনার কথা কজনই বা ভেবেছে! সেই বোলার, চেতন শর্মা বলেছেন, তাঁকে এখনো তাড়িয়ে বেড়ায় সেই ছক্কা।হঠাৎ এই প্রসঙ্গ ওঠার কারণ, গত পরশু ছিল সেই ছক্কার ২৫ বছর পূর্তি। ১৯৮৬ শারজা অস্ট্রেলেশিয়া কাপের ফাইনাল হয়েছিল ১৮ এপ্রিল। মিয়াঁদাদের জন্য যে স্মৃতি গর্বের, চেতনের জন্য সেটাই দুঃসহ অভিজ্ঞতা। তিনি কেন মনে রাখবেন?সাবেক ভারতীয় পেসার ভুলতেই চান, কিন্তু কখনোই ভুলতে পারেননি, পারছেনও না। সেই ছক্কার রজতজয়ন্তীতে চেতন তুলে ধরেছেন তাঁর মনোবেদনা, ‘আমি তো সেই ছক্কার কথা ভুলতে চাই, কিন্তু লোকে ভুলতে দেয় না। ১৯৮৭ বিশ্বকাপে আমার হ্যাটট্রিকের কথা কেউ মনে রাখে না, ইংল্যান্ডের বিপক্ষে আমার দুর্দান্ত পারফরম্যান্সের কথাও বলে না। কিন্তু মিয়াঁদাদের ছক্কা কেউ ভুলে না। আমি ইয়র্কার করতে চেয়েছিলাম, কিন্তু বলটি লো-ফুলটস হয়ে গিয়েছিল। লোকের এটাও মনে রাখা উচিত, তখন আমার বয়স ছিল মোটে ১৮ আর আমি মিয়াঁদাদের মাপের একজনকে বোলিং করছিলাম।’আত্মজীবনী কাটিং এজ-এ মিয়াঁদাদও বলেছিলেন এমনটাই, ‘আমি জানতাম সে ইয়র্কার করার চেষ্টা করবে, এ জন্যই একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম...বেচারা চেতন শর্মা!’ ওয়েবসাইট।