সেই ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘ম্যারাডোনা বেলজিয়াম’ লিখে গুগলে একটা সার্চ দিন। ডিয়েগো ম্যারাডোনা বল নিয়ে সামনে এগোচ্ছেন, সামনে তটস্থ লাল জার্সির ছয়জন বেলজিয়ান ডিফেন্ডার। ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ছবিই হয়ে গেছে এটি। আর্জেন্টিনা-বেলজিয়ামের দ্বৈরথেও যেন ফিরে ফিরেই আসে এই দৃশ্য। তবে অনেকেই হয়তো জানেন না, এই দৃশ্য কিন্তু ১৯৮৬-এর সেই অতিমানবীয় ম্যারাডোনার নয়, ১৯৮২ বিশ্বকাপে মাথা নিচু করে বিদায় নেওয়া ম্যারাডোনার। তার চেয়েও বড় কথা, জেনে অবাক হবেন, এই ম্যাচে কিন্তু হেরে গিয়েছিল আর্জেন্টিনা!
১৯৮২ স্পেন বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটাই ছিল বেলজিয়ামের সঙ্গে। ইউটিউবে ঘাঁটাঘাঁটি করলে সেই ম্যাচের হাইলাইটসের দুটি ভিডিও পাওয়া যায়। এর দ্বিতীয়টির ঠিক এক মিনিট ১৫ সেকেন্ডের সময় জন্ম সেই দৃশ্যের। ডিয়েগো ম্যারাডোনা তখনো বিশ্বকাপ জিতে অমরত্বের স্বাদ পাননি, বিশ্বকাপের মঞ্চে সেবারই প্রথম নিজেকে চিনিয়েছিলেন। ম্যারাডোনাকে আটকাতে ‘এক বনাম ছয়ের’ যুদ্ধ তাই তাঁর অসাধারণত্বের কথাই বলবে। যেটা এই ছবি বলবে না, আসলে মুহূর্তটা যতটা অসাধারণ দেখাচ্ছে, ততটা কিন্তু নয়।
ছবিটা তোলার খানিকক্ষণ আগে ম্যারাডোনাকে ফাউল করা হয়েছিল। হলুদ কার্ডও দেখতে হয়েছিল বেলজিয়ামের লুক মিলেক্যাম্পসকে। সরাসরি ফ্রি-কিক না নিয়ে আর্জেন্টাইন মিডফিল্ডার অসভালদো আরদিলেস পাসটা ম্যারাডোনাকে দিয়েছিলেন। এরপরই আলোকচিত্রীর ক্যামেরায় বন্দী হয়ে গেল ক্ষণজন্মা দৃশ্যটি। মজার ব্যাপার, ছবিটা তোলার সময় ম্যারাডোনা কিন্তু বলটা স্পর্শই করেননি। বাঁ পা দিয়ে বলটা ধরার জন্য প্রস্তুত ছিলেন। ভিডিওতে দেখা যাবে, বলটা ম্যারাডোনাকে দিয়েই আরদিলেস বেলজিয়ামের রক্ষণপ্রাচীর ভেদ করে দৌড় দেন। ছবি দেখে মনে হবে সব খেলোয়াড় বুঝি ম্যারাডোনাকে আটকানোর জন্য ওভাবে এগিয়ে আসছিলেন। আসলে কিন্তু দেয়াল ভেঙে যাওয়ায় তাঁরা সবাই মিলে সরে আসছিলেন। ম্যারাডোনা চেষ্টা করেছিলেন একজনকে ক্রস দিতে, কিন্তু মিলেক্যাম্পস সেটা ক্লিয়ার করে দেন।
ছবির সত্যি গল্পটা যা-ই হোক না কেন, ম্যারাডোনাকে বোঝাতে এর চেয়ে ভালো প্রতীকী ছবি আর কী হতে পারে! মেসি কি আজ বেলজিয়ামের সঙ্গে এ রকম মুহূর্তের জন্ম দিতে পারবেন? ইয়াহু স্পোর্টস।