সেই জাগোয়েভই এখন তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে রাশিয়ার ম্যাচের আগেও তাঁর নামটা ভালো করে কেউ জানত না। সেই নামডাকহীন অ্যালান জাগোয়েভ এখন ইউরোর আলোচিত তারকা। উৎসমুখে মাত্রই এক ম্যাচের জাদুকরি পারফরম্যান্স। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে রাশিয়ার ৪-১ গোলের জয়ে জাগোয়েভ করেন জোড়া গোল।অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সতীর্থ স্ট্রাইকারকে গোলের সুযোগ তৈরি করে দেওয়াটাই তাঁর প্রধান কাজ। সেই দায়িত্ব তো পালন করেছেনই, পাশাপাশি দুই গোল করে চিনিয়েছেন নিজের জাতটাও। ২১ বছর বয়সী তরুণ ইউরো ২০১২-এর সেরাদের একজন হয়ে যান কি না, শুরু হয়ে গেছে এই আলোচনাও। অথচ এবারের ইউরোটাই মিস করতে পারতেন জাগোয়েভ। ক্লাব সিএসকেএ মস্কোর হয়ে খেলতে গিয়ে গত মার্চে চোট পেয়েছিলেন পায়ে। চোট কাটিয়ে ফিরলেও নিজেকে নতুন করে প্রমাণের দায় ছিল। ইতালির বিপক্ষে ৩-০ গোলে জেতা প্রীতি ম্যাচেই পরীক্ষায় উত্তীর্ণ। কোচ ডিক এডভোকাতের কাছে তাই কৃতজ্ঞ জাগোয়েভ। বিশ্ববাসীর কাছে ‘অখ্যাত’ হলেও তরুণ এই মিডফিল্ডার রাশিয়ায় কিন্তু নিজেকে প্রমাণ করেছেন আগেই। ২০০৮ সালে ১৭ বছর বয়সে সিএসকেএ মস্কোয় অভিষেকেই গোল। ওই বছরেরই শেষে জাতীয় দলে অভিষেক রাশিয়ার সবচেয়ে কম বয়সী আউটফিল্ড খেলোয়াড় হিসেবে। সব মিলিয়ে দ্বিতীয়। ২০০৮ সালের ১১ অক্টোবর জার্মানির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ১১৬ দিন। রাশিয়ার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অভিষেকের রেকর্ডটি তাঁরই ক্লাব-সতীর্থ গোলরক্ষক ইগর আকিনফিভের।চেকদের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়েই তাঁকে লড়াই করতে হয়েছে। আলেক্সান্ডার কোকোরিম এবং টটেনহামের সাবেক স্ট্রাইকার অভিজ্ঞ রোমান পাভলিউচেঙ্কোকে রেখেই জাগোয়েভকে বেছে নেন ডাচ কোচ। কোচের আস্থার প্রতিদান দিয়েছেন জোড়া গোলে। যে গোল নিয়ে তাঁর কথা, ‘আমি পরিসংখ্যান নিয়ে চিন্তা করি না। গুরুত্বপূর্ণ হলো জয় পাওয়া, জয়টা কীভাবে পেলাম।’ এএফপি।