জাপানের সঙ্গে সর্বশেষ সাক্ষাতের দুঃসহ সেই স্মৃতিটা যে আজও মনে পড়ে চয়নদের! গত সেপ্টেম্বরে ইনচনে এশিয়ান গেমসে জাপানের কাছে ৮-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই জাপানের সঙ্গে ম্যাচ দিয়েই আজ সিঙ্গাপুরে শুরু হচ্ছে বিশ্ব হকি লিগে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডের অভিযান। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে খেলা।
কাল সকালে একদফা অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। বিকেলে কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি এশিয়ান গেমসে জাপানের ম্যাচের ভিডিওটা আবারও দেখিয়েছেন। ওই ম্যাচের ভুলগুলো যাতে না হয়, সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে খেলোয়াড়দের। সিঙ্গাপুরে এখন বেশি গরম, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ জন্য তিন দিন আগে এসে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন খেলোয়াড়েরা। জাপানের সঙ্গে এর আগে কখনোই জেতেনি বাংলাদেশ। তাই জয়ের স্বপ্ন বাংলাদেশ দেখছে না। তবে ভালো একটা লড়াইয়ের আশা করছেন কৃষ্ণের দল। কাল সিঙ্গাপুর থেকে মুঠোফোনে সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম (কামাল) জানিয়েছেন, ‘দলের সবাই সুস্থ আছে। প্রস্তুতি ম্যাচে যেহেতু ছেলেরা ভালো খেলেছে, এবার তাই জাপানের সঙ্গে লড়াই করার চেষ্টা থাকবে সবার। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই হবে। এশিয়ান গেমসের মতো অত বাজে খেলবে না দল।’