সেই জামশেদই চিটাগংয়ের নায়ক
বিপিএলের উদ্বোধনী দিনে দুরন্ত রাজশাহীর বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান। আজ মিরপুরে খুলনা রয়েল বেঙ্গলের বিপক্ষেও দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন নাসির জামশেদ। এই ব্যাটসম্যানের ব্যাটে চড়েই ৬ উইকেটের জয় পেয়েছে চিটাগং কিংস।এক ওভার হাতে রেখে জিতলেও জয়টা প্রাপ্যই ছিল চিটাগং কিংসের। নাসির জামশেদ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৬ রানে। মূলত জামশেদের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদেই চিটাগং এই ম্যাচটি হেরে যেতে পারে—এমনটা কখনোই মনে হয়নি। মাঝখানে অবশ্য আবদুর রাজ্জাক তাঁর বাঁহাতি স্পিনে খুলনাকে ম্যাচে ফিরিয়েছিলেন। তবে সেটি চিটাগংয়ের জয় ঠেকাতে যথেষ্ট হয়নি।টসে জিতে অবশ্য এই ম্যাচে আগে ব্যাটিং করেছিল খুলনাই। শিবনারায়ণ চন্দরপল ও হার্শেল গিবসের ৮৯ রানের ওপেনিং জুটির খুলনার লড়িয়ে সংগ্রহের ভিত গড়ে দেয়। চন্দরপল ৫০ বলে ৫৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। গিবস খেলেন ২৯ বলে ৩৪ রানের ইনিংস। এই দুই ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরান চিটাগং কিংসের অধিনায়ক মাহমুদউল্লাহ। এই দুজনের বিদায়ের পর অ্যাড্রিয়ান রাসেল ও ড্যারেন স্মিথ জুটি গড়ে খুলনাকে নিয়ে যান মোটামুটি লড়াই করার মতো একটি সংগ্রহে। রাসেল ২৪ রানে ব্রাভোর বলে জহুরুলের হাতে ধরা পড়লেও স্মিথ অপরাজিত থাকেন ৩৯ রানে। চিটাগং কিংসের অধিনায়ক মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ সময়ে দলকে দুটি উইকেট উপহার দিয়ে খুলনার রানের রাশ টেনে ধরেন। মাহমুদউল্লাহর পাশাপাশি ড্যারেন ব্রাভো উইকেট পেলেও বিশ্বখ্যাত মুরালিধরন ছিলেন নিষ্প্রভ। ৪ ওভার বল করে ৩২ রানের খরচায় মুরালি কোনো উইকেট পাননি। আরাফাত সানি ৩ ওভারে ১৭ রান দিয়েছেন। এনামুল জুনিয়র নিজের ২ ওভারে ২৪ রান দেওয়ার পর তাঁকে আর ব্যবহার করার সাহস পাননি অধিনায়ক মাহমুদউল্লাহ।খুলনার অধিনায়ক সাকিব আল হাসান আজ বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। তবে রাসেল ও শফিউল দুজনই ১টি করে উইকেট পেয়েছেন।চিটাগং কিংসের ইনিংস জামশেদময় হলেও ৩৬ রান করে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জেসন রয়। শেষের দিকে ফয়সাল হোসেন ১৭ ও ড্যারেন ব্রাভো ১২ রান করে চিটাগং কিংসকে জিতিয়েই প্যাভিলিয়নে ফেরেন ।সংক্ষিপ্ত স্কোর:খুলনা রয়েল বেঙ্গল: ১৭১/৩ (২০ ওভার)চন্দরপল ৫৯, স্মিথ ৩৯*মাহমুদউল্লাহ ১৮/২চিটাগং কিংস: ১৭৪/৪ ( ১৯.১ ওভার)জামশেদ ৮৬*, জেসন ৩৬রাজ্জাক ৭/২টস: খুলনা রয়েল বেঙ্গলফল: চিটাগং কিংস ৬ উইকেটে জয়ী।