সেই জুয়াড়িকে ছেড়ে দিয়েছে পুলিশ
পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে ‘স্পট ফিক্সিং’ করার যথেষ্ট প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। গোপনে ধারণকৃত ছবি, ভিডিও সব পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তার পরও কোনো অভিযোগ গঠন ছাড়াই আজ সোমবার অভিযুক্ত সেই মাজহার মাজিদকে জামিনে ছেড়ে দিয়েছে ব্রিটেনের পুলিশ। পাকিস্তানের ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার খবর ফাঁস করেছে ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড। তুলে এনেছে ক্রিকেটে ম্যাচ গড়াপেটার আরেকটা কালো অধ্যায়। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই গত শনিবার জুয়াড়ি মাজিদকে গ্রেপ্তার করে স্কটল্যান্ড ইয়ার্ড।ক্রিকেটে এ কলঙ্কিত ঘটনায় যখন বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে, তখনই আরেকটি ধাক্কা। কোনো অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে ঘটনার মূল হোতা সেই জুয়াড়িকে। স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র জানান, জিজ্ঞাসাবাদের পরবর্তী তারিখ নির্ধারিত না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।—বিবিসি